২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটলান্টায় বাংলাদেশের সেবা সংগঠন ‘নাসর’

দশ বছর ধরে বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিয়ে কাজ করে যাচ্ছে আটলান্টা প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘নাসর’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমী কবির, আটলান্টা যুক্তরাষ্ট্র থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2016, 04:58 PM

Updated : 11 Oct 2022, 08:43 PM

সংগঠনের সাধারণ সদস্যদের দেওয়া প্রতি মাসের চাঁদা ও শুভাকাঙ্খীদের দানে ‘নাসর’ (নর্থ আমেরিকান অ্যালায়েন্স ফর সোশ্যাল রিলিফ) বাংলাদেশে বেশ কয়েকটি সেবা প্রকল্প পরিচালনা করে।

সংগঠনটি ঢাকার মোহাম্মদপুরে ছিন্নমূল শিশুদের প্রাথমিক শিক্ষা কর্মসূচি, রাজশাহী শহরে দরিদ্র অথচ কর্মঠদের জন্য ব্যাটারি-চালিত অটোরিকশা কর্মসূচি, প্রত্যন্ত অঞ্চলে শিশু ও বয়স্কদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রকল্প, মানিকগঞ্জে দুঃস্থ মহিলাদের সেলাই মেশিন প্রকল্প এবং প্রত্যেক শীতে বাংলাদেশের শীতার্ত ও দুঃস্থদের মধ্যে কাপড় ও কম্বল দিয়ে মানুষের সেবায় কাজ করছে।

‘নাসর’ এর সভাপতি আওয়াল ডি খান, সহ-সভাপতি রহমান স্বপন, সাধারণ সম্পাদক শরীফুল আলম শওকাত, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, জনসংযোগ সম্পাদক রুমী কবির, অর্থ সম্পাদক সৈয়দ ফিরোজ, কার্যকরী সদস্য হিসেবে আছেন আব্রাহাম রহমান, সৈয়দ মনিরুল, তোফায়েল খান, রওনাক, টিটু রশিদ ও মিঠু।

প্রতি বছরের মতো এবারও সেবামূলক এই সংগঠন তার সদস্যদের নিয়ে বনভোজনের আয়োজন করেছে। এতে জর্জিয়ার সব বাংলাদেশিকে সপরিবারে আমন্ত্রণ জানিয়েছেন প্রতিষ্ঠানটির সভাপতি আওয়াল ডি খান ও সাধারণ সম্পাদক শরীফুল আলম শওকাত।

আগামী ৯ অক্টোবর আটলান্টার অদূরে কার্টারসভিলে রেড টপ মাউন্টেইন স্টেট পার্কে ‘নাসর’ এর বার্ষিক বনভোজন হবে।

এতে অংশ নিতে আগ্রহীদের চাঁদার হার ধরা হয়েছে জনপ্রতি ১৫ ডলার এবং চার সদস্যের পরিবার প্রতি ৪৫ ডলার।

অতিথিদের দেওয়া চাঁদা ও দানের সব অর্থ ‘নাসর’ বরাবরই বাংলাদেশে চলমান তাদের সেবা কর্মসূচিগুলোতে ব্যয় করে থাকে।