২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দ্বন্দ্ব মিটিয়ে ফেলার’ ঘোষণা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরকে সামনে রেখে দ্বন্দ্ব মিটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2016, 11:27 AM

Updated : 20 Aug 2022, 01:40 PM

শুক্রবার রাতে সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মধ্যে ‘সব ধরনের ভুল বোঝাবুঝির অবসান’ হয়েছে বলে জানান।

বিবৃতিতে বলা হয়, “প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে আসছেন। তার প্রতি সম্মান দেখাতে আমরা ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার সংকল্প ব্যক্ত করছি।”

সাংগঠনিক বিরোধের জের ধরে গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একে অপরের বিরুদ্ধে অবস্থান নেন।

যুক্তরাষ্ট্র যুবলীগ, নিউ ইয়র্ক আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও মহিলা আওয়ামী লীগেও এই বিবাদের ছাপ পড়ে।

এক পর্যায়ে সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদকে দল থেকেও বহিষ্কার করা হয়। এরপর থেকে দুই গ্রুপে বিভক্ত হয়ে কর্মসূচি পালন করে আসছিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে দু’পক্ষের মধ্যে বরফ গলতে শুরু করে; যার ধারাবাহিকতায় ‘দ্বন্দ্ব মিটিয়ে ফেলার’ এ ঘোষণা এল।

এর আগে ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র যুবলীগের দুই গ্রুপও ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেয়।