আটলান্টায় ভারতীয় কনসুলেটের সামনে রামপাল বিরোধী বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের আটলান্টায় একটি সমাবেশ থেকে রামপাল বিদ্যুৎকেন্দ্রকে সুন্দরবনের কাছ থেকে সরিয়ে অন্য কোনো জায়গায় স্থাপনের জন্য বাংলাদেশ ও ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সোমবার জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে ভারতীয় কনসুলেটের সামনে ‘পরিবেশ আন্দোলন, আটলান্টা’র উদ্যোগে এই সমাবেশ হয়।
সমাবেশে সংগঠনের সভাপতি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক মোরশেদুল হাকিম বক্তব্য দেন।
বক্তারা এই বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে বনের পশু-পাখি ও জলজ প্রাণীদের জীবন রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
এসময় অংশগ্রহণকারীরা রয়েল বেঙ্গল টাইগারের মুখোশ পরে বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান ও লিফলেট বিতরণ করেন।
বক্তারা বৈজ্ঞানিক গবেষণালব্ধ তথ্য ও যুক্তিচর্চায় গুরুত্বারোপ করে অশোভন বিদ্বেষপূর্ণ বক্তব্য না দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।
সভায় মুরশেদুল হাকিম, ইলাচন্দ, কাকলী বিশ্বাস, মোস্তফা জাহিদ, আবু বকর ও নাট্যশিল্পী মনির খান শিমুল উপস্থিত ছিলেন।
