২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার জন‌্য ‘বিশেষ সভা’ কানাডায়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে তাকে অভ্যর্থনা ও সংবর্ধনা জানানোরচূড়ান্ত প্রস্তুতিনিতে ‘বিশেষ সভা’ করেছে আওয়ামী লীগের কানাডা শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানভীর ইউসুফ রনী, কানাডা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2016, 10:53 PM

Updated : 11 Oct 2022, 08:43 PM

স্থানীয় সময় মঙ্গলবার মন্ট্রিয়ালের অস্থায়ী কার্যালয়ে ওই সভায় সভাপতিত্ব করেন কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মাহমুদ মিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শেখ হাসিনার সফরের সময় মন্ট্রিয়ালের অমনি হোটেলে নাগরিক সংবর্ধনার আয়োজন চলছে।

“নিরাপত্তাজনিত কারণে সংবর্ধনা অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় থাকায় বিশেষ সভা করা হয়েছে।”

গ্লোবাল ফান্ড সম্মেলন ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় যোগ দিতে কানাডা ও যুক্তরাষ্ট্রে ১২ দিনের সরকারি সফরে বুধবার সকালে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী।

যাত্রাপথে লন্ডনে একদিন অবস্থানের পর প্রথমে তিনি কানাডার মন্ট্রিয়ালে ‘ফিফথ রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ)’-এ যোগ দেবেন। সেখান থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাবেন তিনি।

শেখ হাসিনা ১৬ সেপ্টেম্বর শুক্রবার মন্ট্রিয়ালের হায়াত রিজেন্সিতে এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বিকালে তিনি একই হোটেলে অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সম্মেলনের মিনিস্ট্রিয়াল প্লেজিং মোমেন্ট ও আনুষ্ঠানিক সংবর্ধনায় অংশ নেবেন।

পরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দেওয়া নৈশভোজে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

বিশেষ সভায় কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারোয়ার হোসেন বলেন, “বিভিন্ন ইস্যুতে কানাডা আওয়ামী লীগের ভেতর অনৈক্য ছিল। সভায় সেগুলোর সমাধান হয়েছে।”

সভায় অন‌্যদের মধ‌্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব অব মন্ট্রিয়ালের প্রতিষ্ঠাতা সভাপতি দীপক ধর অপু, শ্যামল দত্ত, গোলাম মুহিবুর রহমান, ইতরাদ জুবেরি সেলিম, ফয়জুর রহমান, ইয়াহহিয়া আহমেদ ওসাজ্জাদ হোসেন সুইট।