২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ঈদ জামাতে মুসলিমদের নিরাপত্তা দাবি

ধর্মীয় সম্প্রীতির বন্ধন সুসংহত করার মধ্য দিয়ে মুসলিম-আমেরিকানদের নিরাপত্তায় যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত কোরবানির ঈদের জামাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2016, 12:48 AM

Updated : 20 Aug 2022, 01:40 PM

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার দেশটির আড়াই হাজারেরও বেশি মসজিদের ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

অল্প কয়েকদিনের ব্যবধানে দুর্বৃত্তদের হামলায় তিন প্রবাসী বাংলাদেশি নিহত এবং বেশ কয়েকজন মুসলিম ধর্মাবলম্বী আক্রান্ত হওয়ার প্রেক্ষাপটে ঈদুল আজহার জামাতগুলো থেকে সরকারের কাছে ওই নিরাপত্তার আহ্বান জানানো হয়।

নিরাপত্তাজনিত কারণে, আবহাওয়া অনুকুলে থাকা সত্ত্বেও নতুন পোশাক পরে উৎসবের আমেজে ঘুরতে দেখা গেছে খুব কম প্রবাসীকেই।

পহেলা সেপ্টেম্বর নাজমা খানম ঝর্না (৬০) নামের এক প্রবাসী বাংলাদেশি নিউ ইয়র্কে কুইন্সের জ্যামাইকা হিলস এলাকায় নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে নিহত হন।

এর আগে গত ১৩ অগাস্ট কুইন্সের ওজন পার্কে গুলি চালিয়ে হত্যা করা হয় বাংলাদেশি ইমাম মাওলানা আলাউদ্দিন আকঞ্জি (৫৫) এবং তার সাথী থারা মিয়াকে (৬৪)।

Image
ওজোনপার্কে আল আমান মসজিদের ঈদ জামাত। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ওজোনপার্কে আল আমান মসজিদের ঈদ জামাত। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এসব ঘটনায় ক্ষুব্ধ ও উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশি কম্যুনিটিকে সান্তনা দিতে জ্যামাইকা মুসলিম সেন্টারের কোরবানির ঈদের জামাতে উপস্থিত হন নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো, সিটি কাউন্সিলের স্পিকার মার্ক ভিবেরিটোসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

স্থানীয় হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত ওই জামাতে অংশ নেন হাজার হাজার মুসল্লি, যাদেরকে আশ্বস্ত করতে মেয়র বিল বলেন, “নিউইয়র্ক সিটির সব অধিবাসীর নিরাপত্তাসহ ধর্মীয় সম্প্রীতি অটুট রাখতে সর্বোচ্চ পদক্ষেপ নেয়া হয়েছে।

“মুসলমান, ইহুদী, হিন্দু, খ্রিস্টানসহ সব ধর্মবিশ্বাসী মানুষেরা নিজ নিজ ধর্মকর্ম অবাধে করবেন-এই মূল্যবোধে বিশ্বাসী আমরা। সেই চেতনার পরিপূরক হিসেবে সকলকে প্রশাসনের পাশে দাঁড়াতে হবে।”

তিন প্রবাসী হত্যার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের উদাহরণ টেনে মেয়র বলেন, “যে দু’জন গ্রেপ্তার হয়েছেন তাদের বিরুদ্ধে মামলা চলছে। অবশ্যই উপযুক্ত শাস্তি তারা পাবে।”

ওজনপার্কে নিউ ইয়র্কের সবচেয়ে বড় ঈদ জামাতেও স্থানীয় মুসলমানদের নিরাপত্তাহীনতার বিষয়টি উল্লেখ করে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

ব্রুকলিনে বাংলাদেশ মুসলিম সেন্টার জামে মসজিদের ঈদ জামাতের বক্তব্যে মসজিদের সভাপতি আবুল হাশেম ‘নির্জন পথে চলাচলে সতর্কতা’ অবলম্বনের পরামর্শ দেন। 

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময় মুসলমানদের উপর হামলার ঘটনায় দেশটির প্রেসিডেন্ট নির্বাচন পদে দাঁড়ানো রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করে আসছেন প্রবাসী মুসলিম বাংলাদেশিদের একাংশ।

Image
ব্রুকলিনে বাংলাদেশ মুসলিম সেন্টার জামে মসজিদের ঈদ জামাত। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্রুকলিনে বাংলাদেশ মুসলিম সেন্টার জামে মসজিদের ঈদ জামাত। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঈদ জামাতে সেই ইঙ্গিত টেনে হাশেম বলেন, “৮ নভেম্বরের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেককে ভোট দিতে হবে মুসলিম-আমেরিকানদের বন্ধু হিসেবে বিবেচিত প্রার্থিকে। এ ব্যাপারে গড়িমসির অবকাশ নেই।”

ফ্লোরিডায় আল তাকওয়া মসজিদেও ঈদ জামাতে ভোট প্রার্থনার ঘটনা ঘটে।

নিউজার্সি, পেনসিলভেনিয়া, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, মিশিগান, টেক্সাস, বস্টন, লসএঞ্জেলেস থেকেই যথাযথ ধর্মীয় মর্যাদায় কোরবানির ঈদ পালনের খবর পাওয়া গেছে।

নিউ ইয়র্ক অঞ্চলে ৫০ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি গরু-খাসি কোরবানি দিচ্ছেন বলে ব্যবসা প্রতিষ্ঠান ও পশু খামার সূত্রে জানা গেছে।

ফ্লোরিডা, মিশিগান, লসএঞ্জেলেস, ভার্জিনিয়া প্রভৃতি স্থানে প্রবাসীরা প্রকাশ্যেই মাঠে গরু কোরবানি দিয়ে মাংস ভাগাভাগি করেছেন ।

নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং পেনসিলভেনিয়ার জনবসতি এলাকায় অনুমতি না থাকায় প্রবাসীরা পশু জবাইয়ের জন্যে নির্ধারিত খামারে ধর্মীয় রীতি অনুযায়ী কোরবানির যাবতীয় কাজ সম্পন্ন করেন।