২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসর্গের মহিমায় কাটলো প্রবাসের ঈদ

বাংলাদেশের একদিন আগেই বিশ্বের বিভিন্ন দেশে কোরবানির ঈদ পালিত হয়েছে। প্রবাসে থাকা বাংলাদেশিরাও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসর্গের মহিমায় অনুপ্রাণিত হয়ে কোরবানি দিয়ে দিনটি উৎযাপন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2016, 11:28 PM

Updated : 11 Oct 2022, 08:42 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রবাস ডেস্কের প্রতিনিধিরা জানিয়েছেন, প্রবাসীদের ঈদুল আজহার জামাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি ও মুসলিম উম্মাহ’র মধ্যে শান্তি ফিরিয়ে আনতে বিশেষভাবে দোয়া করা হয়েছে।            

পর্তুগাল
থেকে মোহাম্মদ নুরুল্লাহ জানান, স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৮টায় রাজধানী লিসবনে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে প্রায় পাঁচ হাজার প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

লিসবনে ওই জামাতের ইমামতি করেন সেখানকার বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব আবু সায়েদ। এতে পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন। প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতারাও এতে অংশ নেন। নামাজ শেষে দোয়ায় সারা মুসলিম বিশ্বের শান্তি, সম্প্রীতি ও সম্বৃদ্ধির দোয়া করা হয়।

এছাড়াও লিসবনে আরো তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়৷

অস্ট্রেলিয়ার সিডনি
থেকে নাইম আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেখানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা সকালে ব্যাংকস টাউন, আরলউড, গ্রানভিল, গ্রিন-ভ্যালি, হক্সটন পার্ক, কিন্সগ্রোভ, লাকেম্বা, লিউমিয়াহ, ম্যাসকট, মিন্টু, মাউন্ট ডুরিথ, রকডেল, সেফটন, সারি-হিলস, ইঙ্গেলবার্ন, ম্যাকুরিফিল্ড গ্লেনফিল্ড, কাম্পবেলটাউন এবং লিভারপুল এলাকায় মসজিদ, ইসলামিক সেন্টার, পার্ক, মাসালা কিংবা কনভেনশন হলে ঈদের নামাজ পড়েন।

কোরবানির ঈদের জামাত শেষে রঙ-বেরঙের পোশাক পড়ে সিডনির রাস্তায় ছোট ছোট বাচ্চাদের চলাচল করতে দেখা গেছে। মসজিদ ও ইসলামিক সেন্টারগুলোর সামনে মুসল্লিদের ভিড় ও কুশল বিনিময় করতে দেখা গেছে।

এছাড়া ঈদ উপলক্ষে বন্ধু-বান্ধবদের বাসায়ও যাচ্ছেন প্রবাসি বাঙালিরা। তারা দোকান ও মুসলিম কমিউনিটিতে কোরবানির ব্যবস্থা করেছেন। তবে কোরবানির মাংস পাওয়া যাবে ঈদের পরদিন।

মালদ্বীপ
থেকে রনি নন্দী জানান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের পাশাপাশি স্থানীয় সময় সোমবার মালদ্বীপ প্রবাসীরাও কোরবানির ঈদ পালন পালন করেছেন।

সকালে দেশটির বিভিন্ন দ্বীপে ছড়িয়ে থাকা প্রবাসীরা ঈদের নামাজ পড়েছেন। সকাল সাড়ে ৭ টায় রাজধানী মালের মাফানু স্টেডিয়ামে ঈদের বড় একটি জামাত যাতে স্থানীয়দের সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

এছাড়াও ঈদের জামাতে অংশ নিতে মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি মুসলিমরা ভিড় করেন মসজিদুল আল-সুলতান, নূরু মিসকিন, ইব্রাহিম মিসকিন, হুকুরু মিসকিন, শাহিদ-আলীসহ অন্যান্য মসজিদে।

মসজিদুল আল-সুলতানে ঈদের নামাজ পড়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত কাজী সারোয়ার হোসেন, প্রথম সচিব (শ্রম) টি কে এম মুশফিকুর রহমান, দূতালয় প্রধান ড.মোহাম্মদ হারুন-অর-রশীদসহ অনান্য কর্মকর্তারা।

নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন প্রবাসী বাংলাদেশিরা। অনেকেই দেশে ফোন করে স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন।

মালদ্বীপ প্রবাসী আব্দুর রাজ্জাক বলেন, “বিদেশে ঈদের আনন্দ বলতে কিছু নেই। ঈদের নামাজ আদায়ের পর আবার কাজ শুরু। তবে পরিবার বন্ধুদের ‘মিস’ করি- মায়ের হাতের রান্না করা সেমাই, কোরবানির মাংসও ‘মিস’ করি।”

কোরবানির ঈদ উপলক্ষে মালদ্বীপে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁগুলোয় বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয়। প্রতিটি রেস্তোরাঁয় প্রবাসীদের ভিড় ছিল চোখে পড়ার মত।

কাতার
থেকে মামুন সন্দ্বীপ জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার সকাল ৬টায় রাজধানী দোহায় স্থানীয়দের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা একত্রে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করেন।

কাতারে প্রতিবারের মতো এবারও স্থানীয় দোহা ন্যাশনাল ঈদগাতে সবচেয়ে বড় ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশের মুসলমানদের সঙ্গে হাজার হাজার বাংলাদেশি প্রবাসীও অংশ নেন।

নামাজ শেষে মুসলিম বিশ্বের কল্যাণ শান্তি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। দোয়া শেষে বাংলাদেশি মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন।

ঈদের নামাজের পরপরই কাতারে বিভিন্ন স্থানে প্রবাসী বাংলাদেশিরা পশু কোরবানি দেন।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন
থেকে শিব্বির আহমেদ জানান, প্রবাসী বাংলাদেশিরা স্বপরিবারে বাড়ির কাছের মসজিদে গিয়ে ঈদের নামাজ পড়েছেন। পরে তারা মাঠে গিয়ে পশু উৎসর্গ করেন।

রাজ্যের ভার্জিনিয়ার আর্লিংটন এলাকার বায়তুল মোকাররম মসজিদে তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মসজিদের ইমাম কৌশক আহমেদের পরিচালনায় জামাতগুলো স্থানীয় সময় রোববার সকাল ৮টা থেকে ১০টার মধ্যে অনুষ্ঠিত হয়।

একই দিন ওয়াশিংটনের উডব্রিজ, স্প্রিংফিল্ড, লর্টন, আলেকজান্দ্রিয়া,ম্যানাসা,, বেথেসডা, বাল্টিমোর, ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন শহরের মসজিদে মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজ আদায় শেষে ধর্মপ্রাণ প্রবাসীরা মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্লিনটন, ভার্জিনিয়ার ম্যানাসাস, পেনসালভেনিয়াসহ বিভিন্ন গবাদিপশুর খামারে গিয়ে পশু কোরবানি করেন।

বাংলাদেশি প্রবাসীদের অনেকেই কোরবানির মাঠেই রান্নার আয়োজন করেন। এসময় আত্মীয়-পরিজনদের সঙ্গে তারা ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।