২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোয়ানু দুর্গতদের পাশে সিডনি প্রবাসীরা

বাংলাদেশের রোয়ানু ঘূর্ণিঝড় দুর্গতদের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে সিডনিতে ওপেন এয়ার কনসার্ট ও ঈদমেলা করেছে প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি অস্ট্রেলিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2016, 06:47 PM

Updated : 11 Oct 2022, 08:42 PM

শনিবার সিডনির মিন্টু স্টেশনে করনেশন পার্কে ‘এসোসিয়েশন অফ বাংলাদেশ ব্যান্ড মিউজিক অস্ট্রেলিয়া’ (এ্যাবমা) এই কনসার্ট ও ঈদমেলার আয়োজন করে।

দিনব্যাপী এই কর্মসূচির মধ্যে ছিল ঐতিহ্যবাহী পিঠামেলা, বন্যা দুর্গতদের জন্য অর্থ সংগ্রহ, ব্যান্ডের পরিবেশনা ও প্রবাসী কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য স্বীকৃতি সম্মাননাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। 

মাঠের চারদিক ঘিরে ছিল তৈরি পোশাকের স্টল। আর স্টলগুলোতে ছিল মেহেদী, চুড়ি, সালোয়ার কামিজ, জামদানি ও তাঁতের শাড়ির সমাহার।

বাঙালি খাবারের স্টলগুলোতে সাজানো ছিল নানা ধরনের দেশীয় খাবার, পুরি, চটপটি, পিয়াজু, হালিম, জিলাপি, সিঙ্গারা, বিরানিসহ রকমারি স্বাদের পিঠা ও মিষ্টি। 

অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া ও নেপালি ব্যান্ডসহ প্রায় দশটি মাল্টি কালচারাল ব্যান্ড অনুষ্ঠানে অংশ নেয়। এছাড়া স্হানীয় সলো আর্টিস্টসহ ‘কিশোলয় কচি কাঁচা’র ক্ষুদে শিল্পীরা দলীয় গান গেয়ে শোনান। নতুন প্রজন্মের এই শিল্পীদের সুরেলা কন্ঠ উপস্থিত দর্শকদের প্রশংসা পায়। 

আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে উৎসাহিত করার জন্য ৯ জন মেধাবী ছাত্রকে ‘এ্যাবমা মেরিট এওয়ার্ড-২০১৬’ দেওয়া হয়। এই নয় জন ছাত্রই সিলেকটিভ স্কুলে ভর্তির জন্য পাশ করেছে।

‘এ্যাবমা কমিউনিটি এওয়ার্ড ২০১৬’ পাওয়া অন্যরা হলেন- ‘গ্রেট কমিউনিটি সাপোর্ট’ এর জন্য বিদেশবাংলা টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক মোহাম্মদ আবদুল মতিন ও সুপ্রভাত সিডনির প্রধান প্রতিবেদক ফজলে রাব্বি, ‘আউট স্ট্যান্ডিং ইনেসিয়েটিভ’ এর জন্য বিদেশবাংলা টেলিভিশনের নির্বাহী প্রযোজক রহমত উল্লাহ এবং ‘আউট স্ট্যান্ডিং সাপোর্ট’ এর জন্য নিউ সাউথ ওয়েলস স্টেট এমপি এনালগ চানকিভং, সঙ্গীতশিল্পী আফতাবুর রহমান ও সৈয়দ মাহাদি হাসান।

এই প্রথমবারের মতো এ্যাবমা আয়োজিত ‘স্প্রিং ওপেন এয়ার কনসার্ট ও ঈদ মেলা’য় প্রবাসী কমিউনিটি নেতা-কর্মী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠক এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।