২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেমস এবার মালদ্বীপ মাতাবেন

গানের টানে পৃথিবীর অনেক দেশেই ঘুরেছেন রকস্টার জেমস। এবার ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মালদ্বীপ মাতাতে আসছেন ‘নগরবাউল’ খ্যাত জেমস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রনি নন্দী, মালে মালদ্বীপ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2016, 06:43 PM

Updated : 11 Oct 2022, 08:42 PM

আগামী ১২, ১৩ ও ১৪ সেপ্টেম্বর মালদ্বীপের রাজধানী মালের আলিমাস কার্নিভালে ‘দিরাগু ঈদ উৎসব ১৪৩৭’ নামে একটি আয়োজনে গান গাইবে পুরো নগরবাউল ব্যান্ড।

জেমসের ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনদিনব্যাপী এই কনসার্টই হবে জেমসের প্রথম মালদ্বীপ পারফর্ম। ঈদ কাটাবেন মালদ্বীপেই।

কনসার্টগুলোতে জেমসের গান ছাড়াও থাকছে মালদ্বীপের স্থানীয় ঐতিহ্যবাহী নাচ।

মালদ্বীপ সফর নিয়ে জেমস বলেন, “হাজারেরও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গড়া মালদ্বীপ সৌন্দর্যের লীলাভূমি। ওখানে যাওয়ার আমন্ত্রণ পেয়ে আমরা আনন্দিত। কনসার্টগুলো ভালোভাবে হবে ও প্রবাসী বাংলাদেশিদের ঈদ-আনন্দ দিতে পারবো এই আশা করছি।”

রোববার নিজের ব্যান্ডের চার যন্ত্রশিল্পী ও ব্যবস্থাপককে নিয়ে মালদ্বীপে রওনা দিয়েছেন জেমস। নগরবাউলের অন্য সদস্যরা হলেন খায়েম আহমেদ (কি-বোর্ড), জিমি (ড্রামস), সাব্বির (বেজ) ও রানা (গিটার)।

এদিকে কনসার্টের আয়োজক দিরাগু কোম্পানি প্রতি শো নাইট টিকেট জনপ্রতি মালদ্বীভান মুদ্রায় ২০০ রুফিয়া ধরেছে। টিকেটের মূল্য একটু কম হলে ভাল হত মন্তব্য করেছেন কিছু প্রবাসী বাংলাদেশি। তবুও ‘গুরু’র কন্ঠে গান শোনার জন্য মুখিয়ে আছেন মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিরা।

মালের এডিকে হাসপাতালের ক্লিনার মো. জুয়েল বলেন, “আমি বেতন পাই ২৩১৩ রুফিয়া। তাতে কি হয়েছে? আমি ২০০ রুফিয়া খরচ করে গুরুকে এক নজর দেখবো।”