প্রবাসেও বিএনপি-জামায়াতকে প্রতিরোধের আহ্বান
বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র রুখতে যুক্তরাষ্ট্রে ক্রিয়াশীল বিএনপি-জামায়াত নেতাকর্মীদের কর্মকাণ্ড ‘সতর্কভাবে পর্যবেক্ষণে’ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে নিউ ইয়র্ক আওয়ামী লীগ।
শুক্রবার রাতে ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড এলাকায় বঙ্গবন্ধু প্রজন্ম লীগের কার্যালয়ে এক সমাবেশে এ আহ্বান জানানো হয়।
সমাবেশে নিউ ইয়র্ক আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী ‘যেখানে বিএনপি-জামায়াত, সেখানেই প্রতিরোধ’ কর্মসূচির ডাক দেন।
তিনি বলেন, “বিএনপি ও জামায়াতের সকল অপতৎপরতা নস্যাৎ করতে সর্বস্তরের প্রবাসীদের সজাগ রাখতে হবে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরকালে তাকে স্বাগত জানাতে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নিতেও আহ্বান জানান তিনি।
“যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখায় প্রবাসেও জামায়াত-শিবির আর বিএনপি নেত্রীর সফরের সময় অঘটন ঘটাতে তৎপর। তারা হট্টগোলের চেষ্টা করতে পারে।এ ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।
“জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময় বাইরে শান্তি সমাবেশে এবং অন্য সকল কর্মসূচিস্থলের বাইরে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের ব্যাপক উপস্থিত ঘটাতে হবে”, বলেন তিনি।
চার্চ-ম্যাকডোনাল্ড ইউনিটের সভাপতি ইসমত হক খোকনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের সদস্য-সচিব মশিউল আলম জগলু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভিন, সহ-সভাপতি জয়নাল আবেদীন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি মো. আব্দুল কাদের মিয়া, সেক্রেটারি এ টি এম রানা, চার্চ-ম্যাকডোনাল্ড ইউনিটের সেক্রেটারি মোমিনুল হক সুমন।
এবারের সফরে প্রধানমন্ত্রী ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া নিউ ইয়র্কের হোটেল গ্র্যান্ড হায়াতের বলরুমে ২১ সেপ্টেম্বর তাকে নাগরিক সংবর্ধনা দেয়ারও প্রস্তুতি চলছে।
একইদিন সন্ধ্যায় নিউ ইয়র্কের সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রী মতবিনিময় করতে পারেন বলেও নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট জানিয়েছে।
