মন্ট্রিয়লে এনআরবি টিভির স্টুডিও উদ্বোধন
কানাডার প্রথম বাংলা টেলিভিশন চ্যানেল এনআরবি টিভির মন্ট্রিয়ল স্টুডিও উদ্বোধন হয়েছে।
রোববার মন্ট্রিয়লের পার্ক এক্সের ৮৯২ জ্যাতালো স্ট্রিটে এই স্টুডিও উদ্বোধন করেন এনআরবি টিভির প্রধান নির্বাহী ও সাপ্তাহিক বাংলামেইল সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু।
অনুষ্ঠানে মন্ট্রিয়ল প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতা, কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাজী আলম বাবু।
বাবু তার বক্তব্যে এনআরবি টিভিতে মন্ট্রিয়ল ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের সংক্ষিপ্ত বর্ণনা দেন।
শহিদুল ইসলাম মিন্টু তার বক্তব্যে বলেন, “মন্ট্রিয়লে প্রবাসী শিল্পী ও সাহিত্যিকদের অংশগ্রহণে এক ঘন্টার ‘হ্যালো মন্ট্রিয়ল’ ম্যাগাজিন অনুষ্ঠান প্রতি মাসে সম্প্রচারিত হবে। তেমনি মন্ট্রিয়লের বিভিন্ন সংগঠনের সংবাদ, সমসাময়িক বিষয় নিয়ে ‘টক শো’সহ নানা অনুষ্ঠান সম্প্রচার করা হবে।”
মাসকে জান্নাত বলেন, “শিল্প-সংস্কৃতির দিক থেকে মন্ট্রিয়ল অনেক এগিয়ে। তাই আমরা চাই এর উপস্থিতি থাকবে এনআরবি টিভিতে। মন্ট্রিয়লকে ঘিরে অনেক ধরনের অনুষ্ঠান করা হবে এবং তা গুরুত্বের সঙ্গে সম্প্রচারিত হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আব্দুর রশিদ খান, জাহিদ খান, রাসেল মির্জা, মুফতি ফারুক, শিরিন সুলতানা সাজি, সাইফুদ্দিন আহমেদ খান, মোস্তাফিজু ররহমান লাবু, দিদার মাহমুদ ভূইয়া, হিন্দু এসোসিয়েশন অব কুইবেকের সাবেক সভাপতি পিনাকী ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু হোসেন জয়, সাংবাদিক রুমু ইসলাম ও গোপেন দেব বক্তব্য দেন।
