২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় বইমেলা: বইয়ের দাম নিয়ে অসন্তোষ

কলকাতায় ‘বাংলাদেশ বইমেলা’য় এসেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তানিয়া মজুমদার। অনুবাদ সাহিত্যে তার ভীষণ ঝোঁক। কাফকা তার পছন্দের বিষয়। কিন্তু কাফকার একটি অনুবাদ সাহিত্য হাতে নিয়ে ফের রেখে দিলো তানিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সায়নি দত্ত মিত্র, কলকাতা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2016, 05:22 PM

Updated : 11 Oct 2022, 08:42 PM

কারণ, বইয়ের দাম বাংলাদেশি মুদ্রায় ১১০০ টাকা। এর উপর ২৫ শতাংশ ছাড়। পেশায় শিক্ষক তাপস চাকলাদার বঙ্গবন্ধুর উপর একটি বিশেষ বই খুঁজছিলেন। শেষে পেলেন। কিন্তু ওই এক সমস্যা। বইয়ের আকার অনুযায়ী যা দাম হওয়া উচিত তার থেকে অনেক বেশি রাখা হয়েছে বলে তিনি মনে করেন।

২৫ শতাংশ ছাড় আছে, কিন্তু সেটাতো বাংলাদেশি মুদ্রার উপর। সে ছাড়ে কলকাতার পাঠকের কোনও লাভ হচ্ছে না। বেশ হতাশ তাপসবাবু। এই একই অভিযোগ এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী ও পাঠকদেরও। অথচ, অনেক বাংলা ও ইংরেজির বড় প্রকাশনা সংস্থা বিভিন্ন দেশের জন্য পৃথক দাম রাখেন। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের চিন্তা ভাবনার প্রয়োজন আছে।

বইয়ের বন্ধুত্ব সীমানা ছাড়িয়ে। এই একটি বাক্যেই যেন বইপ্রেমীদের মনের কথা লুকিয়ে আছে। বিশেষ করে বাংলা বইয়ের পাঠক যারা। আর একে সম্বল করেই ১ সেপ্টেম্বর থেকে কলকাতার নন্দন চত্ত্বরে শুরু হয়েছে বাংলাদেশ বইমেলা। চলবে শনিবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত। মেলায় এসেও পছন্দের বই যদি পাঠক সাথে করে নিয়ে যেতে না পারেন তাহলে কার না মন খারাপ হয়!

বাংলাদেশের প্রায় ৫০টি প্রকাশনা সংস্থা এই মেলায় অংশ নিয়েছে। মেলা শুরুর প্রথম দিন থেকেই বইপ্রেমী ও দর্শকের ভিড় হচ্ছে মেলায়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উপ-হাই কমিশনার জকি আহাদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি শঙ্খ ঘোষ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ড. আনিসুজ্জামান, বাংলাদেশ বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, পাবলিশার্স অ্যান্ড বুক সের্লাস গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়সহ বিশিষ্ট ব্যক্তিরা। অতএব, শুরুর দিন থেকেই বাংলা-ভাষী মানুষের মধ্যে একটা সুর তৈরি হয়েছে মেলাকে ঘিরে।

প্রতি বছরই দুই বাংলার মানুষের মিলনস্থলে পরিণত হয় এই মেলা। এতে বাংলা বইয়ের একজন পাঠক হিসেবে সবার খুশি হওয়ার কথা। আমিও তার ব্যতিক্রম নই। কিন্তু এতে বাংলা সাহিত্যের উন্নতি কতটা হচ্ছে? এই একটি প্রশ্ন অনেকের মনে আসতে বাধ্য। যত মানুষ মেলায় ভিড় করছেন তত মানুষ কিন্তু বইয়ের স্টলে ভিড় করছেন না। আবার যারা স্টলে আসছেন, তাদের মধ্যে সিংহভাগ বই কিনছেন না। এর একটা বড় কারণ বইয়ের দাম। বিষয় বৈচিত্র্য থাকলেও শুধু দামের কথা চিন্তা করে অনেকেই পিছিয়ে আসছেন।

এই নিয়ে মেলার উদ্যোক্তাদের মতামত হলো- প্রকাশনার খরচ, বই এক দেশ থেকে অন্য দেশে নিয়ে আসার খরচ ইত্যাদিতে বইয়ের দাম বেড়ে যাচ্ছে। কিন্তু পাঠক এত কিছু বুঝতে যাবে কেন? যারা বই না কিনে ফিরে যাচ্ছেন শুধুমাত্র দামের কথা চিন্তা করে, সেখানে কিন্তু বাংলা বইয়ের একজন পাঠক কমে যাচ্ছে। যা খুবই চিন্তার বিষয়।

মেলায় প্রতিদিন লেখক সমাবেশ হচ্ছে। খ্যাতনামা সাহিত্যিকরা ভাল ভাল দিকগুলি তুলে ধরছেন। কিন্তু এতে সাহিত্যের কোনও উপকার হচ্ছে না। পাঠকদের সঙ্গে লেখকদের সরাসরি কথা বলার ফোরাম দিতে হবে। যেখানে আলোচনা থেকে তীব্র সমালোচনা হতে পারে। দুই দেশের সাহিত্যের আদান-প্রদান হতে পারে। নতুন প্রজন্মকে আরও বেশি করে সামনে আনতে হবে। যেভাবে ভারতে কলকাতা ও জয়পুর ‘লিট ফেস্ট’গুলিতে হয়ে থাকে। কলকাতা বইমেলাতে হয়ে থাকে। এতে লেখক-পাঠক সম্পর্ক আরও দৃঢ় হবে।

কলকাতার প্রকাশকদের সাথে কথা বলে জানা গেছে, অক্টোবর থেকে কলকাতায় শুধু বাংলাদেশের বইয়ের আউটলেট খোলা হচ্ছে। খুবই ভাল পদক্ষেপ। কারণ, বাংলাদেশের বই পেতে গেলে এখনও আমাদের হাতে গোনা কয়েকজন বই বিক্রেতার উপর নির্ভর করতে হয়। আর না হলে বাংলাদেশের বন্ধুদের উপর। সেই জায়গা থেকে বাংলাদেশ বইয়ের নিজস্ব আউটলেট খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কিন্তু সেখানেও সেই দামের সমস্যা হতে বাধ্য। এই বিষয়ে এখন থেকেই দুই দেশের মিলিতভাবে কিছু চিন্তা-ভাবনা করার সময় এসে গেছে।

ভারতের মতো বাংলাদেশেও এখানকার প্রকাশনা নিয়ে মেলা শুরু হোক। বাংলাদেশে আন্তর্জাতিক বইমেলা হয় বটে। কিন্তু তার জনপ্রিয়তা ও পরিসর আরও বড় করা হোক। সে সুযোগ কিন্তু আমাদের রয়েছে। এখানকার জনপ্রিয় সাহিত্যিকদের পাশাপাশি নতুন প্রজন্মকে সেখানে পরিচিত করানোর প্রয়োজন আছে।

শুধু বাংলা সাহিত্য নিয়ে দুই বাংলায় একটি অভিন্ন কর্মসূচী নেওয়ার প্রয়োজন আছে। তাহলে দুই বাংলার সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চা ও আদান-প্রদান বাড়বে। না হলে সাহিত্যের উন্নতি শুধু স্কয়ারফুটে বৃদ্ধি পাবে। দুই বাংলার পাঠকের মনে জায়গা তৈরি করতে পারবে না।

লেখকঃ প্রকাশক ও সাহিত্য সংগঠক, কলকাতা