২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটলান্টায় ‘বহু-সাংস্কৃতিক উৎসব’

‘জর্জিয়া সোশ্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশন’র উদ্যোগে আটলান্টায় পালিত হলো ‘বহু-সাংস্কৃতিক উৎসব’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমী কবির, জর্জিয়া আটলান্টা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2016, 09:39 PM

Updated : 11 Oct 2022, 08:42 PM

রোববার যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে এই উৎসব হয়।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর স্বাগতিক সংগঠনের পক্ষ থেকে ভাস্কর চন্দের শুভেচ্ছা বক্তব্যের পর বাঙালির আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের ঢোল বাজিয়ে সবাইকে বরণ করে নেওয়া হয়।

উৎসবে বাংলাদেশি তরুণ প্রজন্মের ফ্যাশন শো ও নৃত্যানুষ্ঠান, ভারতীয় বলিউড ফিউশন নৃত্য, যুক্তরাষ্ট্রের কণ্ঠশিল্পী জ্যামেরার সঙ্গীত পরিবেশনসহ বাংলাদেশ থেকে আসা শিল্পী মুক্তা সারওয়ার গান গেয়ে শোনান।

একই মঞ্চে মিশরীয় নাচ ও বেলি নাচের পরিবেশন হয়।

অনুষ্ঠানে সভাপতি মোহন জব্বার, সাধারণ সম্পাদক উত্তম দে, প্রধান উপদেষ্টা দিদারুল আলম গাজী শুভেচ্ছা বক্তব্য রাখেন।

প্রধান উপদেষ্টা গাজী বলেন, “এধরনের অনুষ্ঠান এই প্রথম নয়, আগামীতে এই সংগঠন আরও বৈচিত্র্যময় আয়োজনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করবে।”

মধ্যপর্বে উৎসবের প্রধান পৃষ্ঠপোষক জামিল ইমরান সবাইকে উৎসবে অংশগ্রহণের জন্যে ধন্যবাদ জানান। এসময় জামিল সদ্য প্রতিষ্ঠিত ‘বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটস’র নবনির্বাচিত কর্মকর্তাদের মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দেন।

সমাপনী পর্বে নাচ ও গানের সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে শিশু-কিশোরদের প্রাণচঞ্চল উচ্ছ্বাস দর্শকদের অভিভূত করে। পরিচালক রিজওয়ানা রুমু শিশু-কিশোরদের এই অংশগ্রহণের জন্যে অভিভাবক ও আয়োজক সংগঠনের কর্মকর্তাদের কৃতজ্ঞতা জানান।

যুক্তরাষ্ট্রের মূলধারার ব্যান্ড দল ‘পুসিফুট’র শিল্পী জ্যামেরার গান দর্শকদের আনন্দ দেয়। এর আগে বাংলাদেশি মাহি সুমন গান গেয়ে শোনান। সুমনের সাথে জ্যামেরা একটি বাংলা গানেও কন্ঠ দেন। শিল্পী মুক্তা সারোয়ার মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা’ গানটি গেয়ে শোনান।

‘এম এন্ড জে ফাউন্ডেশন’র আর্থিক অনুদানে অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোহন জাব্বার, উত্তম দে, ভাস্কর চন্দ, নেহাল মাহমুদ, শেখ জামাল, মিনহাজুল ইসলাম বাদল, নুরুল তলুকদার নাহিদ, ইলিয়াস হাসান রানা, কায়েদুজ্জামান, সুহেল হাসান, সৈয়দ কামরান, রাশেদ চৌধুরী, আবুল হাসান ও শহিদুল ইসলাম ঠান্ডু। অন্যদের মধ্যে উপদেষ্টামণ্ডলীর সদস্য দিদারুল আলম গাজী, সলিমুল্লাহ সলি, মোহাম্মদ বেলায়েত হোসেন ও রফিক হাসান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন বাংলা ভাষায় সুভশ্রী নন্দী ও ইংরেজিতে কারমে ইস্ট্রেডা। 

‘বহু সাংস্কৃতিক উৎসব’র এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এর সংগঠকরা যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ প্রজন্মকে আগামীতে আরও ভালো কিছু উপহার দেবেন- এটাই প্রত্যাশা করছেন প্রবাসী বাংলাদেশিরা।