কানাডায় ‘নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশন’ অনুষ্ঠিত
নানা আয়োজনের মধ্য দিয়ে কানাডার মন্ট্রিয়লে পালিত হলো ‘নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশন’র (এনএবিসি) ৩০তম আসর।
শনি ও রোববার দুই দিনব্যাপী মন্ট্রিয়লের পার্ক এক্সটেনশনের ৪১৯ উইলিয়াম হিংস্টন ভবনে এই আসর উদযাপিত হয়।
শনিবার সন্ধ্যায় মঞ্চে মোমবাতি জ্বালিয়ে কনভেনশনের উদ্বোধন করেন কুইবেক পার্লামেন্টের ডেপুটি হাউজ-লিডার জ্যারি স্ক্যালোভোনো। এরপর একে একে মোমবাতি প্রজ্জলন করেন এনএবিসির আহ্বায়ক ও আয়োজক সংগঠন ‘কানাডা বাংলাদেশ সলিডারিটি’র সভাপতি জিয়াউল হক জিয়া, এনএবিসির সাধারণ সম্পাদক ইয়াহইয়া আহমেদ, এনএবিসি সভাপতি এম. জামান, সাবেক সভাপতি লিয়াকত হোসেন আবু, কাজী এম রহমান, মঞ্জুর হোসেন, ইবরুল চৌধুরী, গোলাম মুহিবুর রহমান ও ইতরাদ জুবেরী সেলিমসহ অন্যরা।
এসো মেতে উঠি ঐতিহ্যের উৎসবে:
‘এসো মেতে উঠি ঐতিহ্যের উৎসবে’ বা ‘লেটস সেলিব্রেট আওয়ার হেরিটেজ’ ছিলো এনএবিসি ২০১৬’র শ্লোগান। শনিবার বিকাল থেকেই মানুষ উৎসবে আসতে শুরু করেন। প্রচুর সংখ্যক দর্শকে ভরে যায় হল রুম। পরদিন কয়েক হাজার দর্শক সমাগম ঘটে উইলিয়াম হিংস্টনে।
ফ্যাশন শো:
মন্ট্রিয়লে জন্ম ও বেড়ে ওঠা তরুণ প্রজন্মের ২০জন কিশোর-কিশোরী ফ্যাশন শো পরিবেশন করেন। এর সমন্বয়ক ছিলেন লিমা চৌধুরী।
ট্যালেন্ট শো:
আগামী প্রজন্মের শিল্পীদের আয়োজনে ছিলো ট্যালেন্ট শো। শুক্রবার রাতে মূল মঞ্চের বাইরে অর্ধ-শতাধিক প্রতিযোগী নিয়ে এই প্রতিযোগিতা হয়।
ট্যালেন্ট শো’র সহ-আহ্বায়ক নিরোজ বড়ুয়ার তত্ত্বাবধান ও চারজন বিচারকের রায়ে বিভিন্ন পর্বে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন তাদেরকে সমাপনী অনুষ্ঠানে মূল-মঞ্চে সনদপত্র ও পুরস্কার দেয়া হয়।
‘ক’ গ্রুপের বিজয়ী দুর্বা দাসকে পদক পরিয়ে দেন এনআরবি টিভির প্রধান নির্বাহী শহীদুল ইসলাম মিন্টু। ‘খ’ গ্রুপের বিজয়ী দেবজানী সরকার তিথিকে পদক পরিয়ে দেন মাহামুদুল হাসান মানিক।
কবিতা জলসা:
এ পর্বে একক ও দলীয় কবিতা আবৃত্তি করেন সঞ্জীব দাস উত্তম, নাজমা আক্তার মনি, মুফতি ফারুক, ফারহা হোসেন, শামসাদ রানা, আবুল জাকের, তোতন আফাজউদ্দিন ও রোমিও প্রোবেইরা। স্বরচিত কবিতা পড়েন সুলতানা শিরিন সাজী ও আলী মজিদ।
সেমিনার:
রোববার বিকালে কনভেনশন ভবনের আরেক মঞ্চে অনুষ্ঠিত হয় সেমিনার। ‘প্রবাসে বাঙালি সংস্কৃতিচর্চাঃ সমস্যা ও সম্ভাবনা’ শিরোনামে এই সেমিনারে সভাপতিত্ব করেন এনএবিসির দূত ও কনকোর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াইজ উদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ পড়েন আবুল জাকের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু হোসেন জয়ের সঞ্চালনায় মূল আলোচক ছিলেন অধ্যাপক রোকেয়া চৌধুরী রেখা। এছাড়া তাজুল মোহাম্মদ ও হামোম প্রমোদ আলোচনায় অংশ নেন।
মন্ট্রিয়ল, টরন্টো, অটোয়া, নিউ ইয়র্ক ও মায়ামি থেকে আসা নৃত্য ও কণ্ঠ শিল্পীরা তাদের নিজ নিজ পরিবেশনা নিয়ে কনভেনশনে আসেন। কণ্ঠশিল্পী অনুজা দত্ত ও তার দল, কত্থক নৃত্যে মৃত্তিকা ঘোষ মৌ, বিজা ভট্টাচার্য্য ও মেঘনা ব্যানার্জী, নৃত্যশিল্পে লোপা মুদ্রা, একক কত্থক নৃত্যে রেমিও ফ্রান্সিস পেরেরা এবং মায়ামি থেকে আসা ব্যান্ড দল বাংলা মে-হার্ন। এছাড়া গান পরিবেশন করেন অনুজা দত্ত, আশিক বিশ্বাস, ফারহানা শান্তা, রুমা কর, ইলমা খন্দকার, মনিকা মুনা, রিদম হাসান ও মন্ট্রিয়লের লোকজ দল।
অতিথি শিল্পী:
দুই দিনব্যাপী কনভেনশনে মঞ্চে আসেন বাংলাদেশের পাঁচ জন আমন্ত্রিত কণ্ঠশিল্পী। গান গেয়ে শোনান সৈয়দ আব্দুল হাদী, তনিমা হাদী, কুমার বিশ্বজিত, আঁখি আলমগীর ও মাহমুদুজ্জামান বাবু। এ সময় মঞ্চে যন্ত্রসঙ্গীতে ছিলেন মন্ট্রিয়লের লিটন ডিকস্তা, শফিউল ইসলাম ও মেহেদী ফারুক এবং বাংলাদেশ থেকে আসা বাপ্পী, মিথুন ও চঞ্চল।
উপস্থাপনায় যারা ছিলেন:
কনভেনশনের সার্বিক উপস্থাপনায় ছিলেন শামসাদ রানা, মিন্টু হাওলাদার, সুলতানা শিরিন সাজী, আবুল জাকের, শামীমা চৌধুরী ও নূরে আসফিয়া চৌধুরী।
দুই দেশের প্রধানমন্ত্রীর বানী :
এনএবিসি ২০১৬ কে শুভেচ্ছা জানিয়ে বানী পাঠান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া কনভেনশনে কানাডার মূলধারার ব্যক্তিত্বরা অতিথি হিসেবে আসেন এবং সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। অতিথিদের মধ্যে ছিলেন এমএনএ জ্যারি স্ক্যালোভোনো, সিটি কাউন্সিলর ও ডেপুটি মেয়র মেরি ডেরোস, লিবারেল পার্টির এমপি হাউজ ফাদার, এমপি মার্ক মিলার, বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি মকসুদ খান।
