নিউ ইয়র্কে ‘বাংলাদেশ সোসাইটি’র নির্বাচন ২৩ অক্টোবর
নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র নির্বাচন ঘিরে প্রবাসী নেতা-কর্মীদের প্রস্তুতি চলছে। প্রবাসীদের কল্যাণ ও স্বার্থ রক্ষায় ১৯৭৫ সালে এই সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
আগামী ২৩ অক্টোবর মোট ৫টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। কুইন্সে ৩টি, ব্রুকলিন ও ব্রঙ্কসে একটি করে কেন্দ্র আছে। ১৮ হাজার ৫৫৩ ভোটারের দু’বছর মেয়াদি কমিটির এ নির্বাচনে ১৯ পদে ৩৯ প্রার্থী লড়ছেন।
রোববার নির্বাচনি আমেজে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। মনোনয়নপত্র কেউই প্রত্যাহার করেননি বলে নির্বাচন কমিশনের অন্যতম সদস্য জামান তপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
সরাসরি দুটি প্যানেলের এ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি-জামাত-শিবিরের অঘোষিত ঐক্য দেখা যাচ্ছে। উভয় প্যানেলেই আওয়ামী লীগ, বিএনপি আর জামাত-শিবিরের মিশ্রন ঘটেছে। প্যানেল প্রক্রিয়ায় সংগঠনের অরাজনৈতিক চরিত্রের প্রকাশ ঘটেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
‘কুনু-আজম’ প্যানেলে সভাপতিপ্রার্থী আজমল হোসেন কুনু ও সাধারণ সম্পাদক পদে কাজী আজম লড়ছেন। তারা দুজনই যুক্তরাষ্ট্র বিএনপির নেতা।
দুটি পূর্ণাঙ্গ প্যানেলের বাইরে সভাপতি পদে একমাত্র স্বতন্ত্রপ্রার্থী হয়েছেন ওসমান চৌধুরী। তিনি যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির নেতা। তবে ডেমোক্রেটিক পার্টির রাজনীতির সঙ্গেই তার ঘনিষ্ঠতা সবচেয়ে বেশি বলে জানা গেছে। ঘনিষ্ঠতা রয়েছে বিল ক্লিন্টন পরিবারের সঙ্গেও। ভোট প্রার্থনায় তিনি এসব বিষয় উপস্থাপন করছেন।
এদিকে নির্বাচন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রে জামাত-শিবিরের সমর্থকরা ভিন্ন নামের সংগঠনের মাধ্যমে কর্মকাণ্ড চালাচ্ছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নিউ ইয়র্ক অঞ্চলে (নিউ জার্সি, কানেকটিকাট ও নিউ ইয়র্ক রাজ্য) বাংলাদেশির সংখ্যা ৩ লাখের বেশি। সে তুলনায় ভোটারের হার খুবই কম। এখন পর্যন্ত ‘বাংলাদেশ সোসাইটি’ সব প্রবাসীকে এ নির্বাচনি প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে সক্ষম হয়নি বলে প্রবাসীরা অভিযোগ করে করেন।
