ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিতে নিউ ইয়র্কে মানববন্ধন
একাত্তরের যুদ্ধাপরাধী মীর কাসেমের মৃত্যুদণ্ড কার্যকরে বিচার বিভাগকে অভিনন্দন ও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছেন নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিরা।
সোমবার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় ‘বাংলাদেশি আমেরিকান’ নামে একটি সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি হয়।
কর্মসূচিতে আয়োজকদের অন্যতম মোজাহিদ আনসারী তার বক্তব্যে বলেন, “বাংলাদেশকে রাজাকারমুক্ত এবং জঙ্গিমুক্ত করতে চলমান লড়াইয়ে প্রবাসীদের অকুণ্ঠ সমর্থনের কথা জানাতেই আজকের এ কর্মসূচি। এ লড়াই শেষ না হওয়া পর্যন্ত প্রবাসীরা সোচ্চার থাকবেন।”
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শিতাংশু গুহ বলেন, “বাংলাদেশের সহজ-সরল মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে দেলাওয়ার হোসাইন সাঈদী বহু মানুষ হত্যা করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্যও দায়ী এই সাঈদী। তাই তাকেও ফাঁসিতে ঝুলাতে হবে। এজন্য তার বিরুদ্ধে প্রদত্ত রায়ের রিভিউ পিটিশনের শুনানি দ্রুত করার বিকল্প নেই।”
বঙ্গবন্ধুর পলাতক ঘাতক রাশেদ চৌধুরী এবং একাত্তরের ঘাতক আশরাফুজ্জামান খানকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে বিচার কার্যক্রম চালু করার দাবি জানান শিতাংশু গুহ।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা বলেন, “বঙ্গবন্ধুর ঘাতক ও একাত্তরের ঘাতক হিসেবে পরিচিত কয়েকজন এই যুক্তরাষ্ট্রে ঘাপটি মেরে রয়েছে। এদেরকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে বিচার সম্পন্ন করতে নিজ নিজ অবস্থান থেকে প্রবাসীদের সোচ্চার থাকতে হবে।”
কম্যুনিটি কর্মী আলী আহসান গোলাম কিবরিয়া বলেন, “মুক্তিযুদ্ধের চেতনায় ফিরছে বাংলাদেশ। এ অবস্থা সুসংহত করতে জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিকল্প নেই।”
কম্যুনিটি কর্মী গোপাল সান্যাল বলেন, “মীর কাসেমের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় শহীদ জননী জাহানারা ইমামের প্রত্যাশা পূরণ হয়েছে। সাঈদীকে একই দড়িতে ঝুলিয়ে তার সমুচিত শাস্তি নিশ্চিত করতে হবে।”
যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের নেতা টমাস দুলু রায় বলেন, “শেখ হাসিনা একমাত্র নেত্রী যিনি একাত্তরের ঘাতকদের বিচারের সাহস দেখিয়েছেন এবং যুদ্ধাপরাধী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন।”
জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই বলে মন্তব্য করেন বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক মণিকা রায়।
