২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সামনে জঙ্গিবিরোধী সমাবেশ

সন্ত্রাস নির্মূলে বিশ্বনেতাদের মতৈক্য সৃষ্টির আহ্বান জানিয়ে জাতিসংঘ সদর দপ্তরের সামনে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ’ করবে প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2016, 01:00 PM

Updated : 25 Jul 2022, 09:30 PM

আগামী ১৭ সেপ্টেম্বর বিকালে জাতিসংঘ ভবনের পাশে দ্যাগ হ্যামারশোল্ড পার্কে এ সমাবেশ হবে বলে মঙ্গলবার নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ‘অ্যালায়েন্স অব বাংলাদেশি আমেরিকান্সের’ প্রধান প্রদীপ রঞ্জন কর জানান, সমাবেশে বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে শেখ হাসিনার উদ্যোগের প্রশংসা করে তাকে নিউ ইয়র্কে স্বাগত জানানো হবে।

সমাবেশে যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহের ব্যবধানে তিন বাংলাদেশি হত্যার প্রতিবাদ ও এসব হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হবে।

সংবাদ সম্মেলনে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতা আশরাফুজ্জামান, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদের সভানেত্রী মোর্শেদা জামান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা স্বীকৃতি বড়ুয়া, বিএম জাকির হোসেন হিরু, মুকিত চৌধুরী উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী, একাত্তরের ঘাতক আশরাফুজ্জামান খানসহ যুক্তরাষ্ট্রে থাকা দণ্ডিত অপরাধীদের ফেরত পাঠাতে নিজ নিজ এলাকার কংগ্রেসম্যানদের সঙ্গে লবিং করতে সংবাদ সম্মেলনে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হয়।