লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশিদের কবিতার আসর
কবিতা থেকেই জীবন সম্পর্কে উপলব্ধি আমার। সে জায়গা থেকেই কবিতা নিয়ে কিছু করার তাড়না সব সময় কাজ করে ভিতরে।
আমি মনে করি, বাংলাদেশি যে প্রজন্ম যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেছে ও ইংরেজিতে লিখছে তাদের জন্য আমাদের অনেক কিছু করার আছে। তাই সুযোগ পেলেই যুক্তরাজ্যে সমকালীন বাংলা কবিতা ও তার অনুবাদ পাঠের ব্যবস্থা করি।
এরই অংশ হিসেবে গত ২৫ অগাস্ট সন্ধ্যায় লন্ডনের গ্যালারি প্যারাসল ইউনিট ফাউন্ডেশন ফর কনটেম্পরারি আর্ট-এ ‘কালারস অ্যান্ড কবিতা’ শিরোনামে সমকালীন কবিদের একটি কবিতা পাঠের আসরের আয়োজন করি।
ওই অনুষ্ঠান সঞ্চালন করি নিজেই। ছয় ব্রিটিশ-বাংলাদেশি কবির নিজেদের লেখা কবিতা পাঠের পাশাপাশি ছিল সঙ্গীত পরিবেশনা। দেশাত্মবোধক গান দিয়ে শুরু হয় আসর।
আসরে কবিতা পাঠ করেন প্রমিত আনোয়ার, সুমি ইসলাম, তৌহিদ শাকিল, ফারাহ নাজ, মিলটন রহমান ও মিজানুর মিজান।
কবিতা আবৃত্তি নেপথ্য সঙ্গীতে ছিলেন আরফুমান চৌধুরী, মিউজিক কম্পোজিশনে সাদিক আহমদ চৌধুরী, গ্রাফিক ডিজাইন ও শিল্প নির্দেশনায় খাদিজা রহমান। এদের সবাই তরুণ প্রজন্মের।
যুক্তরাজ্যে স্থানীয় বাসিন্দা ও প্রবাসী কবিতাপ্রেমীদের আগ্রহ আছে বাংলাদেশি কবিদের নিয়ে। আমি সে সুযোগটাই কাজে লাগাতে চেয়েছি।
