২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টরন্টোতে রবীন্দ্রনাথের ‘বর্ষামঙ্গল’

বর্ষা ঘিরে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ‘বর্ষামঙ্গল’ নামে যে গানের অনুষ্ঠানের প্রচলন করেন সেই আদলে টরন্টোর ‘রবিনির্ঝর সঙ্গীত বিদ্যায়তনে’ হয়ে গেলো রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সোহেল সোহরাব, টরন্টো কানাডা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2016, 07:56 PM

Updated : 20 Aug 2022, 01:36 PM

শনিবার টরন্টোর ইস্ট ইয়র্কের এস ওয়াল্টার স্টুয়ার্ট পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘বর্ষামঙ্গল’ নামেই এই গানের অনুষ্ঠান হয়।

দর্শক-শ্রোতারা পিনপতন নিস্তব্ধতায় উপভোগ করেন সেই কালের ‘বর্ষামঙ্গল’ এর এই কালের পরিবেশনা।

দুই পর্বে বিভক্ত এই অনুষ্ঠানের প্রথম পর্বে ছিলো গীতি-আলেখ্য ‘বর্ষার শেষ ১৬টি গান’। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় অনুষ্ঠিত শেষ বর্ষামঙ্গলের জন্য বিশেষভাবে রচিত ‘১৬টি গান’ এই পর্বে পরিবেশিত হয়। ফারহানা আজিম শিউলি ও অরুনাংশু হোর বর্ষামঙ্গলের ইতিহাসের উপাখ্যানটি অনুষ্ঠানের ধারাবিবরণীতে তুলে ধরেন।

সেখান থেকে জানা যায়, শৈলজারঞ্জন মজুমদারের অনুরোধে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষার এই ১৬টি গান লিখেছিলেন যা শান্তিনিকেতনে ‘বর্ষামঙ্গল’ নামে পরিবেশিত হয়। রবিনির্ঝরের আয়োজনে দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে পরিবেশিত হয় সেই ১৬টি গান।

রবিনির্ঝর সঙ্গীত বিদ্যায়তনের শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথি শিল্পীরা গানগুলো পরিবেশন করেন। এতে অংশ নেন মিতা রয়, মোনালিসা চৌধুরী, স্বপ্না রায়, শর্মিষ্ঠা বসু, রিক্তা রডরিগস, সুনীল গোমস, নন্দিতা গোমস, স্নিগ্ধা চৌধুরী, পার্থসারথি শিকদার, জ্যানেট মেরী গোমস ও ফারহানা আজিম শিউলি।

ইস্ট ইয়র্কের এস. ওয়াল্টার স্টুয়ার্ট পাবলিক লাইব্রেরি মিলনায়তনে (১৭০ মেমোরিয়াল পার্ক এভিনিউ, কক্সওয়েল এন্ড মর্টিমার ইন্টারসেকশন) অনুষ্ঠিত এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে  ছিলো রবীন্দ্রসঙ্গীতের পরিবেশনা ও আবৃত্তি। এ পর্বে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন পার্থ সারথী সিকদার, নন্দিতা গোমস ও সুনীল গোমস এবং রবীন্দ্রনাথের কবিতা থেকে আবৃত্তি করেন খসরু চৌধুরী।

মধুমিতা মুখার্জির সঞ্চালনায় অনুষ্ঠানে তবলায় ছিলেন সৌম্য বসু, বাঁশীতে দীপ গাঙ্গুলী, মন্দিরায় অরূপ মুখার্জী এবং এস্রাজ বাজান সুনীল গোমস। শব্দযন্ত্র নিয়ন্ত্রণে ছিলেন মাহবুবুল হক।

অনুষ্ঠানটি টরন্টো প্রবাসী বাংলাদেশি দর্শক শ্রোতাদের প্রশংসা পেয়েছে।