আওয়ামী লীগের প্রতি সমর্থন রাখুন: মোশাররফ
বাংলাদেশকে জঙ্গি এবং যুদ্ধাপরাধী মুক্ত করতে আওয়ামী লীগের প্রতি প্রবাসীদের অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
রোববার ওয়াশিংটনে নিরালা রেস্টুরেন্টে আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, “দেশকে জঙ্গি মুক্ত করতে ও একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োচিত পদক্ষেপের প্রশংসা মার্কিন প্রশাসন, জাতিসংঘসহ সর্বমহলে উচ্চারিত হচ্ছে।”
একই সঙ্গে মানবতাবিরোধী অপরাধীদের বিচার প্রক্রিয়া ও বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের সাফল্য নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা হচ্ছে বলে মন্তব্য করেন মন্ত্রী।
তিনি বলেন, “বাংলাদেশকে জঙ্গি এবং একাত্তরের ঘাতক মুক্ত করার স্বার্থে আওয়ামী লীগের প্রতি প্রবাসীদের সমর্থন অব্যাহত রাখতে হবে।”
ফোবানা সম্মেলনের প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ওয়াশিংটনে এসেছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। গত শুক্রবার তিনি সম্মেলনের উদ্বোধন করেন।
যুদ্ধাপরাধীদের নামে প্লট ও ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করায় মতবিনিময় সভায় প্রবাসী আওয়ামী লীগের পক্ষ থেকে মন্ত্রীকে অভিনন্দন জানানো হয়।
সংগঠনের নেতারা মন্ত্রীর মাধ্যমে একাত্তরের মানবতাবিরোধী অপরাধী হিসেবে সাজাপ্রাপ্তদের সম্পদ বাজেয়াপ্ত করার আহ্বান জানান সরকারের প্রতি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাদেক খান। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক এম নবী বাকি।
আলোচনায় অংশ নেন সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সোহেল, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক খিজির আহমেদ টিটু, যুবলীগ সভাপতি রাবিউল ইসলাম রাজু, মহিলা লীগ সভাপতি মহসিনা রিমি।
অতিথি বক্তা ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক হারুন চৌধুরী ।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আজম আজাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক হারুন উর রশীদ, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন ও কামাল হোসেন, সাংস্কৃতিক ও মহিলা বিষয়ক সম্পাদক নাজনিন আখতার, যুবলীগের সহ-সভাপতি হাসানুল আমিন, সাধরণ সম্পাদক সর্বজিৎ দাস তুর্য, যুগ্ম সম্পাদক এমরান হামিদ রাহাত, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম, মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি ফারজানা নবী, সহ-সভাপতি শাহিদা পারভিন লিপি।
