আগামী বছর ফোবানা সম্মেলন ফ্লোরিডায়
ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) সম্মেলন আগামী বছর ফ্লোরিডায় অনুষ্ঠিত হবে। আর ২০১৮ সালে আন্টলান্টায় হবে পরের সম্মেলন।
আগামী দুই বছরের সম্মেলনের স্থান নির্ধারনের মধ্যে দিয়ে রোববার শেষ হয়েছে ফোবানা সম্মেলন।
গত শুক্রবার ওয়াশিংটনের আর্লিংটনে পেন্টাগন সিটি হোটেলের বলরুমে সম্মেলনের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তিমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
তিনদিনের এ আয়োজনে ছিল আলোচনা সভা, সেমিনার, কাব্য জলসা, চলচ্চিত্র ও চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
সম্মেলনে যুক্তরাষ্ট্র ও কানাডার ৫০টিরও বেশি সংগঠন অংশ নেয় বলে আয়োজকরা জানিয়েছেন।
সম্মেলনের শেষ দিন ফোবানার নতুন নির্বাহী কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হয়। এতে এক বছরের জন্য চেয়ারম্যান হয়েছেন আজাদুল হক। ভাইস চেয়ারম্যান হন মো. আলমগীর।
নতুন কমিটির নির্বাহী সচিব এম মাওলা দীলু, যুগ্ম-নির্বাহী সচিব জাকারিয়া চৌধুরী, কোষাধ্যক্ষ শাহ হালিম। সদস্য হিসেবে রয়েছেন নাহিদ চৌধুরী মামুন, এটিএম আলম, নূরল আমিন নুরু, জসীম উদ্দিন, আতিকুর রহমান, রেহান রেজা ও ড. এহসান চৌধুরী।
সম্মেলন মঞ্চে ফোবানা পুরস্কারপ্রাপ্তরা
মুক্তিযুদ্ধে অবদানের জন্য শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, সাংবাদিকতায় ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, শিক্ষায় ‘মডার্ন ই-লার্নিং’-এর উদ্ভাবক ড. বদরুল হুদা খান, বিজ্ঞানে ড. আশরাফ আহমেদ, কম্যুনিটি অ্যাকটিভিস্ট ওয়াহেদ হোসেনী, পরিবেশ উন্নয়নে মুকিত মজুমদার এবং গবেষণায় আনশা জান্না ইসলামকে এ পুরস্কার দেওয়া হয়।
সমাজকর্মী কালিপ্রদীপ চৌধুরী পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন।
