২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সরকারের দমন-পীড়ন’ প্রতিরোধে নিউ ইয়র্ক বিএনপির ডাক

সরকারের দমন-পীড়ন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে অভিযোগ তুলে প্রবাস থেকেই আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছে নিউ ইয়র্ক বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2016, 11:29 AM

Updated : 11 Oct 2022, 08:41 PM

দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও তারেক রহমানের ‘কারামুক্তি দিবস’ উপলক্ষে নিউ ইয়র্কে এক আলোচনা সভায় রাজ্য বিএনপির সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন এ আহ্বান জানান।

তিনি বলেন, “শেখ হাসিনা সরকারের আমলে দমন-পীড়ন অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। বাংলাদেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

“এখন প্রতিরোধের সময়, আর তা শুরু করতে হবে এই প্রবাস থেকেই”, বলেন তিনি।

সভায় ‘শান্তিপূর্ণ আন্দোলনের’ মাধ্যমে দেশে ‘গণতন্ত্র পুনরুজ্জীবিত’ করতে প্রবাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী।

“দমন-পীড়ন চালিয়ে কেউই ক্ষমতাকে স্থায়ী করতে পারেনি, শেখ হাসিনাও পারবে না। তার স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে জনমতকে সোচ্চার ও সংগঠিত করতে বিএনপি নেতা-কর্মীদের কঠোর পরিশ্রম করতে হবে।”

চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানান যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আব্দুল লতিফ সম্রাট।

Image
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক এম এ বাতিন। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক এম এ বাতিন। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

Image
৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক স্টেট বিএনপির সভায় নেতা-কর্মী-সমর্থকরা। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক স্টেট বিএনপির সভায় নেতা-কর্মী-সমর্থকরা। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

“তারেক রহমান ও খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে একের পর এক মিথ্যা মামলায় সাজা দেয়ার নীলনকশা এঁটেছে। বাংলাদেশের মানুষ এসব অপকর্মের দাঁতভাঙ্গা জবাব দেবে।”

নিউ ইয়র্ক রাজ্য বিএনপির সভাপতি মাহফুজুল মাওলা নান্নুর সভাপতিত্বে সভায় যুক্তরাষ্ট্র বিএনপির নেতা এম এ বাতিন, গিয়াস আহমেদ, সোলায়মান ভূঁইয়া, আযহারুল হক মিলন, অ্যাড. জামাল আহমেদ জনি, বাবর উদ্দিন, সুরুজ্জামান, আবু তাহের, সাদী মিন্টু, কামালউদ্দিন ও জাহাঙ্গির সোহরাওয়ার্দি বক্তব্য দেন।

সভায় ১৮ সেপ্টেম্বর জাতিসংঘ ভবনের সামনে শেখ হাসিনা ও বর্তমান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওইদিন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।