কলকাতায় জমে উঠেছে ‘বাংলাদেশ বইমেলা’
বিশ্বায়নের যুগে ক্রমাগত প্রসারিত হয়ে পড়েছে আমাদের মেঠোপথ। শিল্প-সাহিত্যের চর্চা শুধু নিজের আঙ্গিনায় নয়, আমাদের বইমেলা ঢাকার বাংলা একাডেমি থেকে এখন কলকাতার রবীন্দ্রসদনে পৌঁছে গিয়েছে।
‘বইয়ের বন্ধুত্ব সীমানা ছাড়িয়ে’ এই স্লোগান নিয়ে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে কলকাতায় শুরু হয়েছে ষষ্ঠ ‘বাংলাদেশ বইমেলা’। বরাবরের মতো রবীন্দ্রসদন নন্দন চত্বরে মেলা চলছে। ১০ সেপ্টেম্বর পর্যন্ত মেলা চলবে প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
সাহিত্যের এই প্রসার সম্ভব হয়েছে দুই বাংলার সাহিত্যপ্রেমী মানুষের জন্য। ২০১১ সাল থেকে প্রতি বছর কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশন, কলকাতা ও বাংলাদেশের জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির প্রচেষ্টায় এই বইমেলা আয়োজন করা হয়।
এবারের বাংলাদেশ বইমেলার উদ্বোধন করেন এমিরেটাস অধ্যাপক ও বাংলা একডেমির সভাপতি আনিসুজ্জামান। কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশনার জকি আহাদের সভাপতিত্বে এতে সম্মাননীয় অতিথি ছিলেন কবি শঙ্খ ঘোষ। বিশেষ অতিথি হিসেবে বাংলা সরকারের স্কুল ও উচ্চ শিক্ষা বিভাগের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এবং জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি উপস্থিত ছিলেন।
ইতোমধ্যেই জমে উঠছে বাংলাদেশ বইমেলা। গত চার বছর কলকাতায় পড়াশুনার কারনে এই বইমেলা ঘুরে দেখার সুযোগ হয়েছে আমার। প্রতি বছরই এই মেলায় প্রকাশক ও বইয়ের সংখ্যা বাড়ছে।
মেলায় বরাবরই কলকাতার সাহিত্যপ্রেমী মানুষের সমাগম মুগ্ধ করে । সেই সঙ্গে প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশের কৃষ্টি ও ঐতিহ্যকে উপস্থাপন করছে। আমাদের সংস্কৃতিকে পরিচিত করে তুলছে ভিনদেশে।
এবারের বইমেলা নিয়ে কথা হয়েছিল রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ বিদ্যা চর্চা কেন্দ্রের অধিকর্তা চিত্তমণ্ডল এর সঙ্গে।
তিনি বলেন, “এই ধরনের আয়োজন খুব আশাব্যাঞ্জক। কলকাতায় বসবাসকারী অনেকেরই আদি বাড়ি বাংলাদেশ। রাজনৈতিক কারনে দেশ পরিবর্তন করে এখানে থাকলেও বাংলাদেশের প্রতি অন্তহীন ভালোবাসা মানুষের। তাই বাংলাদেশের কিছুটা স্বাদ পাওয়ার জন্য সাহিত্যপ্রেমী ছাড়া সাধারণ মানুষও এই মেলায় আসেন।”
বই মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক গভীরতর করে। বই একটি ভূখণ্ড, একটি জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে। ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন এমন প্রবাসী বাংলাদেশিরা প্রতিদিনই এই বইমেলায় আসছেন।
বাংলাদেশের ছেলে শিল্পী মোজাম্মেল হক জনি সম্প্রতি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করেছেন।
তিনি জানান, “এ ধরনের আয়োজন খুব আনন্দের। সাংস্কৃতিক এই আদান প্রদান খুব জরুরী।”
বইমেলায় অনেক লেখক, প্রকাশক, সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে দেখা ও আলোচনার সুযোগ তৈরি হচ্ছে বলে বাংলাদেশের সাহিত্যের সাথে মানুষ আরও পরিচিত হতে পারবে- এমন আশাবাদ তার।
কথা হয়েছিল কলকাতার সাহিত্য সংগঠক বিশ্বমিত্রের সঙ্গে। তিনি বলেন, “বইয়ের দাম একটু বেশি-ই।”
এবারের বইমেলায় দেখা হয়েছে বাংলাদেশের তরুণ লেখক সাদাত হোসাইনের সঙ্গে। প্রথম বারের মতো দেশের বাইরে বইমেলায় আসার সুযোগ হয়েছে তার।
তিনি বলেন, “ছোটবেলা থেকেই বইপত্রে কলকাতার কথা অনেক পড়েছি, শুনেছি ও জেনেছি। কলকাতা আমার কাছে একটা স্বপ্নের শহর। আর এই শহরে আমি প্রথম এলাম, তাও আমার বই নিয়ে। আমার ধারনা ছিল না এখানে কেউ আমার বই কিনবেন কিনা! কিন্তু মজার ব্যাপার হলো জানুয়ারির কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০১৬'তে প্রথম দুই দিনেই বইগুলো বিক্রি হয়ে গিয়েছিল। আর এবার সশরীরে এসে দেখি এখানে অনেকেই আমাকে চেনেন ও জানেন। ডেকে ছবি তুলছেন, বই কিনছেন, অটোগ্রাফ নিচ্ছেন। স্বপ্নের এই শহরে স্বপ্নিল অনুভূতি।”
একজন তরুণ লেখকের অভিজ্ঞতা দেখে বোঝা যায় কলকাতায় বাংলাদেশের লেখক, কবি আর বইয়ের প্রতি মানুষের আগ্রহ, ভালোবাসা আর উচ্ছ্বাস।
বই তার ভৌগলিক সীমারেখা অতিক্রম করে প্রতিবেশী দেশের পাঠকের কাছে পৌঁছে যাচ্ছে।
বাংলাদেশের অন্যতম প্রকাশনী ভাষাচিত্রের কর্ণধার খন্দকার মনিরুল ইসলাম বইমেলা নিয়ে কথা বলছিলেন এক বিকালে।
তিনি বলেন, “ভাষাচিত্র পঞ্চম বারের মতো এই বইমেলায় অংশগ্রহণ করছে। কলকাতার মাটিতে যেন এক খণ্ড বাংলাদেশ।”
এছাড়া ভাষাচিত্রের একটা পাঠক-শ্রেণি কলকাতায় তৈরি হয়েছে মন্তব্য করে এই বইমেলা নিয়ে আশা প্রকাশ করেন তিনি।
বইয়ের কোন নির্দিষ্ট সীমারেখা টানা সম্ভব নয়। দেশ কাল ছাড়িয়ে বই বিস্তৃত হয়, নির্মাণ করে ইতিহাস। কলকাতার মাটিতে বাংলাদেশ বইমেলা তেমনই একটি উদ্যোগ। লেখক, প্রকাশক, পাঠকের সম্মিলিত এই মহৎ প্রচেষ্টা সমৃদ্ধ করে তুলেছে দুই দেশের সম্প্রীতির বন্ধনকে।
