মীর কাসেমের ফাঁসিতে ভার্জিনিয়ায় বিজয়-উৎসব
একাত্তরের যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরে সন্তোষ প্রকাশ করেছেন ভার্জিনিয়া আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতারা।
বিচার নিষ্পত্তির পর শনিবার রাতে গাজীপুরে কাশিমপুর কারাগারে ফাঁসিতে ঝোলানো হয় একাত্তরের বদর নেতা মীর কাসেমকে।
এই খবরে ‘ফাঁসি ফাঁসি ফাঁসি হলো, বাঙালির জয় হলো, ‘মুজিবের বাংলায় রাজাকারের ঠাঁই নাই, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ইত্যাদি স্লোগানে বিজয় উল্লাস করেন ভার্জিনিয়ার প্রবাসী নেতা-কর্মীরা।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ভার্জিনিয়ায় পেন্টাগন সিটিতে আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ স্লোগানে অংশ নেন। এ সময় সবাই জামাত-শিবিরের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মীর কাসেম আলীর অর্থ নিয়ে যারা যুক্তরাষ্ট্রে বসবাস করে বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন তাদেরকেও চিহ্নিত করার কথা বলেন এ উল্লাসে অংশগ্রহণকারিরা। একাত্তরের ঘাতক হিসেবে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সহায়-সম্পদ রাষ্ট্র বরাবরে বাজেয়াপ্ত করার দাবি জানানো হয় এ উল্লাস থেকে।
ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগ, মিশিগান আওয়ামী লীগ, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ এবং ফ্লোরিডা আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা তাৎক্ষণিক এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। নেতাদের মধ্যে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী, ফ্লোরিডা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোহাম্মদ এমরান, সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ মাহফুজ ও সৈয়দ হারুন, সাধারণ সম্পাদক এডভোকট জহির, সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ, উপদেষ্টা গোলাম মোস্তফা, মিশিগান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদ খান, সহ-সম্পাদক সালেহ আহমেদ, ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের সহ-সভাপতি জীবক বড়ুয়া এবং জুয়েল বড়ুয়া, আন্তর্জাতিক সম্পাদক দস্তগীর জাহাঙ্গির, ফ্লোরিডা স্টেট যুবলীগের সভাপতি দয়ান চৌধুরী, সহ-সভাপতি রেজা ইসলাম, সাংগঠনিক সম্পাদক অসীম রায়, বৃহত্তর ওয়াশিংটন যুবলীগের নেতা দেওয়ান আরশাদ আলী বিজয়, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের নেতা আমানউল্লাহ এবং আলতাফ হোসেন, বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগের সভাপতি শামসুজ্জোহা তালুকদার, ডিসি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক মীর ও যুগ্ম সম্পাদক মো. নিউটন উপস্থিত ছিলেন।
প্রবাস পাতায় আপনিও লিখুন। আপনার প্রবাস জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা নিয়ে ছবি ও ভিডিওসহ লেখা পাঠাতে পারেন। ভ্রমণ কাহিনী, আড্ডা, প্রবন্ধ-নিবন্ধ, গল্পসহ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের খবর জানিয়ে লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়ঃ probash@bdnews24.com
