২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটলান্টায় ‘বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটস’র আত্মপ্রকাশ

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করা ও আসন্ন নির্বাচনে হিলারি ক্লিনটনকে জয়ী করার লক্ষ্যে আটলান্টায় ‘বাংলাদেশি-আমেরিকান ডেমোক্রেটস’ নামে একটি নতুন সংগঠন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমী কবির, আটলান্টা জর্জিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2016, 09:05 PM

Updated : 11 Oct 2022, 08:41 PM

রোববার স্থানীয় সময় দুপুরে জর্জিয়ার গুইনেট কাউন্টির ডুলুথ শহরে আসমা কুজিন মিলনায়তনে এই সংগঠনের অভিষেক হয়।  

গুইনেট কাউন্টির সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী ও নবগঠিত দলের চেয়ারম্যান জামিল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মূলধারার ডেমোক্রেটিক পার্টির নেতারাসহ প্রবাসী বাংলাদেশি সংগঠকরা।

আনুষ্ঠানিক ঘোষণায় জামিল ইমরান নতুন এই সংগঠনের অগ্রযাত্রায় জর্জিয়ার বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি নতুন প্রজন্মকে মূলধারার ডেমোক্রেটিক পার্টির রাজনীতিতে আগ্রহী করে তোলার লক্ষ্যে দলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে বলেন। তিনি আসন্ন নির্বাচনে হিলারি ক্লিনটনকে ভোট দিতে যুক্তরাষ্ট্রের অভিবাসীদের অনুরোধ করেন।

জামিল জর্জিয়ার ডিসট্রিক্ট ৭ আসনে কংগ্রেসম্যান পদপ্রার্থী একমাত্র বাংলাদেশি রশিদ মালিককে ভোট দেওয়ার আহ্বান জানান।

পারভেজ ইকবাল ও আহমেদ রিজওয়ান হৃদয়ের পরিচালনায় অনুষ্ঠানে রশিদ মালিকসহ অপর তিন কংগ্রেসম্যান পদপ্রার্থী- টি আর রাডজাবভ, টামারা জনসন সেলি ও স্কট হলকম্ব বক্তব্য দেন।

এছাড়া হিলারির ‘বিজয় নিশ্চিত করতে’ প্রত্যেককে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে অতিথিদের মধ্য থেকে ডেমোক্র্যাটিক পার্টির জর্জিয়া অঞ্চলের মাঠ পরিচালক এস প্রেসকোট হারিস, দলের ডিকাব কাউন্টির চেয়ারম্যান সান্দ্রা অস্টিন, সিনেট মাইনোরিটি নেতা স্টিভ হ্যানসন ও এমরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এলান আব্রামইজ বক্তব্য দেন।

নবগঠিত সংগঠনের পরিচালনা পর্ষদে রয়েছেন- চেয়ারম্যান জামিল ইমরান, প্রথম ভাইস চেয়ারম্যান মোস্তফা জাহিদ টিটু, ভাইস চেয়ারম্যান (কমিউনিটি) মুস্তাক আহমেদ, ভাইস চেয়ারম্যান (স্পেশাল ইভেন্ট) শেখ জামাল, ভাইস চেয়ারম্যান (রিক্রুটমেন্ট) পারভেজ ইকবাল, ডিরেক্টর ইলা চন্দ, সেক্রেটারি সায়মা জামান, কোষাধ্যক্ষ আহমেদ রিজওয়ান হৃদয়, চেয়ারম্যান (সাবজেক্ট কমিটি) মিনহাজুল ইসলাম বাদল, চেয়ারম্যান (সাবজেক্ট কমিটি) আবুল হাশেম ও চেয়ারম্যান (সাবজেক্ট কমিটি) শহিদুল ইসলাম ঠান্ডু।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি সংগঠক, সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

প্রবাস পাতায় আপনিও লিখুন। আপনার প্রবাস জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা নিয়ে ছবি ও ভিডিওসহ লেখা পাঠাতে পারেন। ভ্রমণ কাহিনী, আড্ডা, প্রবন্ধ-নিবন্ধ, গল্পসহ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের খবর জানিয়ে লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়ঃ probash@bdnews24.com