আটলান্টার ‘সেবা’য় আড্ডায় অধ্যাপক আজফার
যুক্তরাষ্ট্রের আটলান্টায় ‘সেবা লাইব্রেরি’তে প্রবাসীদের সঙ্গে একটি মুক্তআড্ডায় বাংলা সাহিত্য ও সংস্কৃতির নানা বিষয়ে আলোচনা করেছেন মিশিগান গ্র্যান্ড ভ্যালি স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আজফার হোসেন।
রোববার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টা থেকে শুরু হয়ে প্রায় ছয় ঘণ্টার এই প্রাণখোলা আড্ডায় বাঙালা সাহিত্য, সাংস্কৃতিক ঐতিহ্য, দর্শন, বিশ্ব সাহিত্য, বিশ্ব রাজনীতি, স্বদেশের রাজনীতি ও কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মের মূল্যায়ন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
আড্ডার মূল আলোচক আজফার হোসেন বাংলা সাহিত্যের আধুনিক কবিতা, ছোট গল্প, উপন্যাস এবং প্রগতিশীল রাজনৈতিক চেতনার নানা প্রেক্ষাপট উপস্থাপন করেন।
অনুষ্ঠানের শুরুতে আড্ডার অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর দর্শকদের মাঝে পরিচয় করিয়ে দেন মোস্তফা মলি। আড্ডার ফাঁকে চলে সংশ্লিষ্ট বিষয়ে অংশগ্রহণকারীদের নানা প্রশ্ন। এটি আড্ডার গতিকে সচল রাখে। আড্ডায় অন্যদের মধ্যে আসফাক স্বপন, নাসিম, প্রকৌশলী মুজিব রহমান, সুভশ্রী নন্দী, খালেদ হায়দার, রুমী কবির, সাজ্জাদ বিল্পব, এম মওলা দিলু ও রিটন খান অংশগ্রহণ করেন।
দ্বিতীয় পর্বে আড্ডা একটি নতুন মাত্রা পায়। এই পর্বে আটলান্টার বেশ কয়েকজন সংগঠক, সমাজসেবী ও সংস্কৃতিকর্মী এসে যোগ দিলে আড্ডাটি নানা প্রসঙ্গের চড়াই-উৎরাই আর যুক্তি-তর্কের ঝড়ে আরও প্রাণবন্ত হয়ে উঠে।
