২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের পাঠ্যবইয়ে মনজিমার লেখা

কয়েকদিন আগের কথা। আমার বড় মেয়ে মনজিমা কবির বলছিল যে, তার একটা লেখা জর্জিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের একটি প্রকাশনায় ছাপা হতে যাচ্ছে। শুনে আমি ও আমার স্ত্রী তাহসিনা নিরু দুজনেই আনন্দিত হয়েছিলাম। মনে হচ্ছিল, মেয়েটি তার বাবার লেখালেখির অভ্যাসটি পাচ্ছে বোধ হয়। যদিও সে বাংলা ভাষা সাবলীলভাবে লিখতে ও পড়তে পারে, এরপরও যুক্তরাষ্ট্রের মাটিতে ইংরেজি মাধ্যমে যদি লেখালেখির অভ্যাস রপ্ত করতে পারে, তাহলে মন্দ কোথায়? এইসব সৃজনশীল কাজ তার জন্য একটি বাড়তি প্রাপ্তি বলেই ধরে নেবো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমী কবির, জর্জিয়া যুক্তরাষ্ট্র থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2016, 10:41 PM

Updated : 11 Oct 2022, 08:40 PM

এর মধ্যেই এবছর মনজিমা চলে গেলো জর্জিয়া বিশ্ববিদ্যালয়ে (ইউজিএ)। বাড়ির কাছে জর্জিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ে দু’বছর কাটিয়ে জর্জিয়াতে বিশ্ববিদ্যালয়ে বাকী দুটি বছর পার করতে এই প্রথম বারের মত ঘরছাড়া হল মেয়েটি। তার জন্য ওখানকার পরিবেশ

একেবারেই নতুন, ভিন্ন পরিমণ্ডল, ভিন্ন জগত। বলতে গেলে এই প্রথম বাড়ির বাইরে থেকে জীবন-জগতকে চেনার এক নতুন যাত্রায় পা বাড়ালো সে।

তল্পি-তল্পাসহ মনজিমাকে এথেন্সের ক্যাম্পাসে পৌঁছে দিয়ে এলাম। ঘরে ফেরার পর এই প্রথম মনটা হু হু করে উঠলো। তার মা চোখের পানি ফেলতে ফেলতে বলে, এই তো শুরু। এরপর বিয়ে করে আরেক সংসারে যখন যাবে, তখন দেখবে, বাড়ি ঘর সবকিছুই কেমন খালি হয়ে গেছে। শূন্য শূন্য মনে হবে সবকিছু তখন। আমাদের ছোট মেয়ে মানাফিও ছয় বছরের বড় বোনকে মিস করে, কিন্তু ধরা দেয় না। সে সদর্পে বলে, আমি তো আছিই, ডোন্ট ওয়ারি...।

ইউজিএ থেকে পরের সপ্তাহেই মনজিমা চলে এলো। তবে উইকএন্ডে নয়, ঠিক সোমবার সন্ধ্যায়। শুরুতে গাড়ি দিইনি বলে আমরাই গিয়ে নিয়ে এলাম। মেয়েটি আমাদেরকেও মিস করেছে বাইরে গিয়ে, সেটা বুঝতে পারি। তাই প্রতিদিনই ফোন করে কয়েকবার করে খোঁজ খবর নেয় আমাদের। আমরাও একইভাবে তার খবর নিই। সেদিন উইক ডে’তে কেন এলো, কৌতূহল মেটাতে জিজ্ঞেস করলাম।

মনজিমা বলল, ‘মঙ্গলবারে ক্লাস নেই, তাই চলে এলাম। তাছাড়া জর্জিয়া স্টেটে দু’একটা কাজ আছে, সেরে নেবো।’

বেশ তো! পরের দিন মঙ্গলবার খুব সকালে সে তার নিজের গাড়ি নিয়েই বেরিয়ে গেল। এরপর তিন ঘণ্টার মাথায় কাজ সেরে ফিরে এল। দেখি, তার হাতে শক্ত মোড়কে পরিপাটি বাঁধানো একটা সুদৃশ্য বই। আমি ও তার মা ঘরেই ছিলাম। বইটা আমাদের হাতে তুলে দিয়ে জানালো, ক্লাসের পাঠ্য বইতে তার সেই লেখাটি ছাপা হয়েছে।

শুনে তো আমরা হতবাক! কি বলছে সে? সাধারণ কোনো ম্যাগাজিন বা স্মরণিকা ধরনের প্রকাশনা নয়, খোদ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে তার লেখা স্থান পেয়েছে... ব্যাপারটি বিশ্বাসই হতে চাইছিল না।

আমি প্রশ্ন করলাম মেয়েকে, ক্লাসের টেক্সট বইতে তোমার লেখা? মনজিমা বইয়ের পৃষ্ঠাগুলো উল্টাতে উল্টাতে তার লেখাটা কোন পাতায় ছিল, তা আঙুল দিয়ে দেখিয়ে বলল, ‘আগে দেখই না!’   

হ্যাঁ, তাই। পাঠ্যপুস্তকের নির্ধারিত পড়ালেখার বিষয়ভিত্তিক পাঠ্যসূচি অনুযায়ী যে দুইটি নমুনা-লেখা বা এসাইনমেন্ট ঐ বইতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচন করেছে, তার মধ্যে একটি হচ্ছে মনজিমার লেখা এই এসাইনমেণ্ট।

লেখাটি পড়ে সত্যি নিজেদেরকে ভাগ্যবান অভিভাবক মনে হল। পড়ালেখার ফাঁকে এধরনের সৃজনশীল কাজে মনজিমা বরাবরই এরকম আগ্রহী ও মনোযোগী ছিল। কাজেই এবারে তার লেখালেখির সাফল্যে পরম আবেগে বুকটা সেদিন সত্যিই ভরে গিয়েছিল। 

মনে পড়ে, প্রথম শ্রেণিতে পড়ার সময় তার দাদু কয়েক মাসের জন্যে জর্জিয়া বেড়াতে এলে গ্রীষ্মের ছুটিতে কেমন করে যেন বাংলা ভাষা লিখতে ও পড়তে শিখে ফেলেছিল। এরপর আমি প্রায় দুই তিন বছর ওকে প্রতি শনিবার এক পাতা করে বাংলা হাতের লেখার হোম ওয়ার্ক করিয়েছিলাম। ফলে সেই থেকে সে আর বাংলাকে ভুলেনি। এখনও টিভিতে বা কোন দোকানের সাইন বোর্ডে কিংবা প্রবাসীদের কোন স্মরণিকা বের হলে বাংলা লেখাগুলো ধীরে ধীরে পড়ে ফেলতে পারে।  

মনে পড়ে, ডোরাভিল ওক্লকিফ স্কুলের তৃতীয় গ্রেডে পড়ার সময় থেকে কয়েক বছর ওর ক্লাসের প্রতিটি সাংস্কৃতিক অনুষ্ঠানে মূলধারার গানের দলে সে থাকতো লিড সিঙ্গার হিসেবে। মনজিমার শিক্ষক একবার বলেছিল, তোমাদের মেয়ে তো যুক্তরাষ্ট্রের ‘সেলিব্রেটি’ হবে একদিন! তখন দেখবে অনেক পয়সা ঘরে আনছে।

মনজিমা নাচের ব্যাপারেও ভীষণ আগ্রহী ছিল। সেই সময়গুলোতে ভিডিও’তে ছবি ধারণ করার একটা নেশা ছিল আমার। মাঝে মধ্যেই যখন কাজ থেকে বাসায় ফিরতাম, তখন দেখতাম মেয়েটি টেলিভিশনের ভিডিও দেখে দেখে নায়িকাদের নাচের সঙ্গে নেচে চলেছে। কখনো বা ক্যাসেটের গানের তালের সাথে সে আপন মনে নাচ কম্পোজ করে যেত। সে সময় থেকে বিভিন্ন অনুষ্ঠানে নেচে অনেকের কাছেই আদরের পাত্রী হয়ে উঠেছিল মনজিমা। আর সে বয়সে তার গুরু ছিল রেজওয়ানা রুমু। স্কুলের শেষ প্রান্তে এসেও মনজিমা নাচের ক্ষেত্রে অনেককেই আনন্দ দিতে পেরেছে। চিত্রকলায় ছিল তার প্রচণ্ড আগ্রহ। মিডল স্কুলে পড়ার সময় একবার শুনি মনজিমার একটা চিত্রকলার কাজ বেশ কিছুদিন ধরে ডিকাব কাউন্টির শ্যাম্বলি লাইব্রেরির প্রদর্শনী বোর্ডে স্থান পেয়েছে।       

একদিন শুনি, মনজিমা মঞ্চে বাংলা গান গাইবে। মাইসুন মালিহা, হোসনে আরা বিন্দু, গোলাম মহিউদ্দিন এইসব গানের স্বনামধন্য সংগঠক ও শিক্ষকরা সত্যি সত্যি তাকে গান শিখিয়ে মঞ্চে পারফর্ম করিয়ে তবে তো ছাড়লেন। গত দুই বছর ধরে আবার দেখলাম সে তার বাবার মতো মঞ্চে উপস্থাপনাও করতে শুরু করেছে। ড্রাম কর্পস ইন্টারন্যাশনাল (ডিসিআই) নামে একটি সেবামূলক সংগঠনের আয়োজনে তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে মনজিমা শেষে আমাকেও ছাড়িয়ে গেল। ঐ অনুষ্ঠানটিতে আমরা বাবা-মেয়ে দুইজনে একই মঞ্চে উপস্থাপনা করে গেলাম। আমি পুরোপুরি বাংলা ভাষায়, আর মনজিমা ইংরেজিতে। তবে কখনো কখনো ইংরেজির সাথে বিশুদ্ধ উচ্চারণে সে বাংলা ভাষাতেও সঞ্চালন করে গেল সেই অনুষ্ঠানটি।

আজ মেয়েটি যখন আমাদের ছেড়ে দূরের এক শহরের বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তখন মনজিমাহীন ঘরে মাঝে মধ্যেই এইসব স্মৃতিগুলো অবাধ্যের মতো মগজের স্নায়ুদের কাছে ছুটে আসছে। এইভাবেই বুঝি চলে যায় জীবনের অফুরন্ত মধুর মুহূর্তগুলো।

এইসব ছোট ছোট সাফল্যগুলো একদিন তার আগামী দিনের চলার পথের সঙ্গী হয়ে উঠুক, ওকে এগিয়ে নিয়ে যাক আরও সামনের দিকে, এই বিশ্বাস আর প্রত্যাশা নিয়েই নতুন আগামীর দিকে অপেক্ষায় থাকি আজকাল। সবাই এই কামনাই করুন আমাদের এই মেয়েটির জন্যে।

আমরা আশা করি প্রবাসী বাংলাদেশিদের কোন সন্তান যদি এইভাবে কোন না কোন সৃজনশীল কাজে সাফল্য পায়, তবে নিঃসঙ্কোচে তাকে তুলে ধরুন সবার মাঝে। তাহলেই আমাদের কমিউনিটির অন্যান্য কোমলমতি শিশু-কিশোররাও অনুপ্রেরণা পাবে, উজ্জীবিত হবে নতুন কোন সাফল্যের আনন্দে। এটাই তো আজ আমাদের প্রত্যাশা।