২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘে শেখ হাসিনার ভাষণ ২১ সেপ্টেম্বর

নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণসহ কানাডা ও যুক্তরাজ্য সফরের উদ্দেশ্যে ১৪ সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2016, 07:21 PM

Updated : 12 Apr 2022, 02:47 AM

মঙ্গলবার জাতিসংঘ সচিবালয় থেকে জানানো হয়েছে, ২১ সেপ্টেম্বর বুধবার বিকালে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর শেখ হাসিনা ওয়াশিংটন ডিসিতে যেতে পারেন বলে জাতিসংঘে বাংলাদেশ মিশনের এক কর্মকর্তা জানিয়েছেন।

তিনি বলেন, পদ্মা সেতু প্রকল্প নিয়ে বিশ্ব ব্যাংকের সঙ্গে সম্পর্কে সে ফাটল হয়েছিল তা মিটিয়ে ফেলতে শেখ হাসিনার সঙ্গে বসতে চান বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট। এ কারণে ওয়াশিংটন ডিসিতে যেতে পারেন প্রধানমন্ত্রী।

তবে বুধবার পর্যন্ত এ কর্মসূচি চূড়ান্ত হয়নি। ওই কর্মকর্তা বলেন, বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট শেখ হাসিনার সঙ্গে বৈঠকের বিষয়ে অত্যন্ত আগ্রহী।

শেখ হাসিনা ওয়াশিংটন ডিসিতে গেলে সেখানকার প্রবাসীদের পক্ষ থেকেও তাকে সংবর্ধনা জানানোর প্রস্তুতি রয়েছে।

তার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডায় ‘গ্লোবাল ফান্ড’ সম্পর্কিত একটি আন্তর্জাতিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন বলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন। ১৫ সেপ্টেম্বর তিনি লন্ডন হয়ে কানাডায় পৌঁছবেন।

১৬ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিয়লে ‘ফিফথ রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারকুলোসিস এ্যান্ড ম্যালেরিয়া’ শিরোনামে একটি সম্মেলনে ‘টেকসই উন্নয়ন লক্ষ্য’ অর্জনে বাংলাদেশের অগ্রগতি এবং এই কাজে ধনী দেশগুলোর আর্থিক সহযোগিতা নিয়ে বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

শেখ হাসিনা কানাডা থেকে নিউ ইয়র্ক আসবেন ১৮ সেপ্টেম্বর। জাতিসংঘের সাধারণ অধিবেশনের শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গীদের অনেকে সরাসরি ঢাকা থেকে নিউ ইয়র্কে আসবেন। মুখ্যসচিব আবুল কালাম আজাদেরও ১৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কে আসার কথা রয়েছে।

২৪ সেপ্টেম্বর নাগাদ শেখ হাসিনা লন্ডনের উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছাড়তে পারেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন।

এদিকে নিউ ইয়র্কে শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেওয়ার কর্মসূচি নিয়ে নিউ ইয়র্ক আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলোর মধ্যে দলীয় কোন্দল ও উত্তেজনা বিরাজ করছে। সাংগঠনিক অব্যবস্থাপনা এবং এক পক্ষের স্বেচ্ছাচারিতা অবসানের দাবিতে অন্য পক্ষের নেতা-কর্মীরা সংবর্ধনা সমাবেশ আয়োজনে সম্পৃক্ত হতে চাচ্ছেন। একইসাথে তারা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউ ইয়র্ক অঙ্গরাজ্য এবং মহানগর আওয়ামী লীগের নতুন কমিটির দাবি আদায়ের চেষ্টা চালাচ্ছেন। তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও নিউ ইয়র্ক আওয়ামী লীগের বর্তমান কমিটির মেয়াদ পাঁচ বছর পেরিয়েছে।