২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ম্যাচ

ভুটানের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বের প্লে-অফে মুখোমুখি হওয়ার আগের আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ খেলতে মালদ্বীপে এসেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রনি নন্দী, মালে মালদ্বীপ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2016, 05:42 PM

Updated : 11 Oct 2022, 08:40 PM

মঙ্গলবার বিকাল ৫.২৫ মিনিটে মিহিন লংকার একটি ফ্লাইটে বাংলাদেশ জাতীয় ফুটবল দল মালদ্বীপের ইব্রাহীম নাসির আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছয়।

সেখানে ফুটবল এসোসিয়েশন অব মালদ্বীপ (এফএএম) এর কর্মকর্তারা, বাংলাদেশ হাই কমিশনের দূতালয় প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ ও দূতালয়ের কর্মকর্তা, কর্মচারিরা বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে স্বাগত জানায়।

আজ (বৃহস্পতিবার) স্বাগতিকদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি খেলবে বাংলাদেশ। ফুটবল এসোসিয়েশন অব মালদ্বীপ এই ম্যাচের আয়োজন করেছে। বাংলাদেশের খেলোয়াড়দের মালদ্বীপের একটি স্থানীয় হোটেলে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ ফুটবল দল বুধবার মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছে এবং আজ রাত ৯টায় প্রস্তুতি ম্যাচ খেলবে।

আগামী ৬ সেপ্টেম্বর ঢাকায় ও ১০ অক্টোবর থিম্পুতে প্লে-অফে মুখোমুখি হবে বাংলাদেশ-ভুটান। তারই প্রস্তুতি হিসেবে এই ম্যাচ খেলবে বাংলাদেশ । নতুন কোচের অধীনে এটিই হবে বাংলাদেশের প্রথম ম্যাচ। এ ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইনজুরির জন্য মামুনুল ইসলাম এবং কার্ড সমস্যার কারণে জামাল ভূইয়া নেই এ সফরে। চার নতুন মুখ রয়েছে কোচ সেইন্টফিটের দলে।

২৩ খেলোয়াড়ের পাশাপাশি কোচ কর্মকর্তা মিলিয়ে দলে আছেন আরও ১০ জন। বাংলাদেশ স্কোয়াড- গোলরক্ষকঃ শহিদুল আলম সোহেল, আশরাফুল ইসলাম রানা, ডিফেন্ডারঃ রায়হান হাসান, নাসিরউদ্দীন চৌধুরী, তপু বর্মণ, ইয়ামিন মুন্না, মামুন মিয়া, আরিফুল ইসলাম, রেজাউল করিম, ওয়ালী ফয়সাল, মিডফিল্ডারঃ প্রাণতোষ কুমার দাস, জাফর ইকবাল, সোহেল রানা, ইমন মাহমুদ, মো. আবদুল্লাহ, সেন্টু চন্দ্র সেন, এনামুল হক শরিফ, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, ফরোয়ার্ডঃ সোহেল রানা, রুবেল মিয়া, নাবিব নেওয়াজ জীবন, দিদারুল আলম ও শাখাওয়াত হোসেন রনি।

এদিকে এই খেলাকে ঘিরে মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মনে  উৎসবমুখর আমেজ সৃষ্টি হয়েছে।