নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিকদের নৌভ্রমণে জঙ্গি দমন নিয়ে সেমিনার
নিউ ইয়র্কে কর্মরত সাংবাদিকদের ক্লাব ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ এর বার্ষিক নৌ-ভ্রমণে ‘জঙ্গি দমনে গণমাধ্যমের ভূমিকা’ শিরোনামে একটি সেমিনার হয়েছে।
রোববার নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে ইস্ট ও হাডসন নদীতে ‘স্কাইলাইন প্রিন্সেস’ জাহাজে দিনব্যাপী এই নৌভ্রমণে সেমিনারটি হয়। ফ্লাশিংয়ের ফ্রেসমেডো ঘাট থেকে জাহাজ ছাড়ে এবং দিনব্যাপী ঘুরে তা একই স্থানে ফিরে আসে। প্রেসক্লাবের সদস্য ও শুভানুধ্যায়ীরা সপরিবারে এতে অংশ নেন।
শুরুতে বাংলা সাহিত্যের অন্যতম কবি শহীদ কাদরীর প্রয়াণে শোক প্রকাশ করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দর্পণ কবীর। পরিচালনা করেন প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাপ্তাহিক ‘প্রবাস’র সম্পাদক মোহাম্মদ সাঈদ। সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক ‘পরিচয়’ এর সম্পাদক নাজমুল আহসান।
নিউ ইয়র্ক থেকে প্রকাশিত ‘ঠিকানা’র সম্পাদকমণ্ডলীর সভাপতি ও সাবেক এমপি এম এম শাহীন তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। যারা বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র বানাতে চায়, তারা দেশে জঙ্গিবাদের মদদদাতা।”
তিনি বলেন, “প্রবাসীদের দেশপ্রেম অটুট। সবাইকে এই ধরনের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে। জঙ্গি প্রতিরোধে সোচ্চার হতে হবে।”
বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ বলেন, “জঙ্গি দমনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনৈতিক দলের চশমা খুলে ফেলতে হবে। ‘মাদ্রাসা জঙ্গির কারখানা’ এ কথা বলা বন্ধ করে সমস্যার গভীরে যেতে হবে। জঙ্গি কারা হচ্ছে, কেন হচ্ছে এবং এর প্রতিরোধে কী কী পদক্ষেপ নেওয়া দরকার, তা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
দেশে এখন সাংস্কৃতিক ‘বন্ধ্যাত্ব’ চলছে মন্তব্য করে ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন বলেন, “আগে আমরা দেখেছি স্কুল-কলেজের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে, খেলাধুলায়, বিতর্ক প্রতিযোগিতায় বা মেধাভিত্তিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকত। এখন তেমন হয় না। তাই নতুন প্রজন্ম বিপথগামী হবার সুযোগ পাচ্ছে। আমাদের তরুণ-কিশোরদের মধ্যে মুক্তচিন্তার চর্চা অব্যাহত রাখতে হবে। সেই পরিবেশ আমাদের ফিরিয়ে আনতে হবে। সংস্কৃতির চর্চাই পারে জঙ্গিবাদ প্রতিরোধ করতে।”
তিনি বলেন, “১৯৯০ সালের পর দেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু হলেও অধিকাংশ কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়নি। তরুণদের মধ্যে নেতৃত্ব সৃষ্টির চেষ্টা থমকে গেছে। গণমাধ্যমকে এ সব ব্যাপারে সক্রিয় হতে হবে। গণমাধ্যমই পারে আমাদের মধ্যে জাগরণ সৃষ্টি করতে।”
নিউ ইয়র্কে নৌ-ভ্রমণে শুভেচ্ছা বক্তব্য রাখছেন ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক দর্পণ কবীর। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
তিনি বলেন, “অভিভাবকদের নিজ নিজ সন্তানের প্রতি লক্ষ রাখতে হবে। তাদের নজরদারি করতে হবে।”
কমিউনিটি নেতা হাসানুজ্জামান হাসান বলেন, “জঙ্গিবাদ দমন করতে হলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। যারা ক্ষমতায় যাবেন, তারা গণমানুষের রায় নিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন কি না সেটাও নিশ্চিত করতে হবে। তা না হলে এর সুযোগ নিয়ে জঙ্গিবাদ সৃষ্টি হতে পারে।”
কমিউনিটি কর্মী ফখরুল ইসলাম দেলোয়ার বলেন, “আমাদের সমাজে নানা অসঙ্গতি রয়েছে। আমাদের সত্য বলার সাহস কমে যাচ্ছে। সাদাকে সাদা আর কালোকে কালো বলার সাহসী লোক দরকার।”
দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সামসুন্নাহার নিম্মি। এতে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসী কণ্ঠশিল্পী শাহ মাহবুব ও কৃষ্ণাতিথি খান। অংশগ্রহণকারীদের মাঝে কৌতুক পরিবেশন করেন বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক ও রম্য লেখক আতাউর রহমান।
