জঙ্গি নির্মূলে সিডনি প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিডনিতে ‘জঙ্গিবাদ নিরসনে প্রবাসীদের ভাবনা’ শিরোনামে আলোচনা সভা করেছে বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া শাখা।
রোববার স্থানীয় সময় সন্ধ্যায় সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে এ আলোচনা সভা হয়।
সংগঠনের সভাপতি খায়রুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিক উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতাজ হোসেন।
অনুষ্ঠানে জাতীয় শোক দিবস নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন নতুন প্রজন্মের জয়া তালুকদার।
অন্যদের মধ্যে সংগঠনের সাবেক সভাপতি রতন কুণ্ডু, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা গামা আবদুল কাদির, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ও আইনজীবী সিরাজুল হক, বিদেশ বাংলা ২৪ ডটকম এর সম্পাদক ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের সদস্য সচিব মোহাম্মদ আবদুল মতিন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধের রূপকার নির্মল পাল, অস্ট্রেলিয়া আওয়ামী লীগ একাংশের সাধারণ সম্পাদক আনিসুর রহমান রিতু, সাংগঠনিক সম্পাদক হাসান শিমুল রবিন, অস্ট্রেলিয়া ছাত্রলীগের একাংশের সভাপতি আনিসুর রহমান ও হারুন রশিদ আলোচনায় অংশগ্রহণ করেন।
এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের স্মরণ করে শোক সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে প্রবাসী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
