ফোবানা সম্মেলনের সাফল্য চেয়ে বার্তা হিলারির
ফেডারেশন অফ বাংলাদেশি অর্গানাইজেশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলনের সাফল্য কামনা করে বার্তা পাঠিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন।
আগামী ২ সেপ্টেম্বর ওয়াশিংটনের পেন্টাগন শেরাটন হোটেলের বলরুমে ফোবানার ৩০তম সম্মেলন শুরু হবে।
সম্মেলনের আয়োজক কমিটির কাছে পাঠানো বার্তায় হিলারি বাংলাদেশ ও উত্তর আমেরিকার সম্পর্ক উন্নয়নে ফোবানার ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি ১৯৯৫ সালে প্রথমবারের মত বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন।
হিলারি বলেন, “সে সময় বাংলাদেশের মানুষের এগিয়ে চলার ব্যাপারে যে আত্মপ্রত্যয় দেখেছি, বিশেষ করে যুব সমাজের মধ্যে যে উদ্দীপনা রয়েছে, তা আমাকে এখনও অভিভূত করে।”
কৃষি, মাতৃমৃত্যু হ্রাস ও দারিদ্র বিমোচনে বাংলাদেশের ‘অসাধারণ অগ্রগতিরও’ প্রশংসা করেন সাবেক এ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
সম্মেলনের সর্বশেষ প্রস্তুতি নিয়ে আলোচনা করছেন আয়োজক কমিটির কর্মকর্তারা। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি হচ্ছে এবারের সম্মেলনের আয়োজক। ১৯৮৭ সালে এই শহর থেকেই ফোবানার যাত্রা শুরু হয়।
তিনদিনব্যাপী এ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ৩৩টি অঙ্গরাজ্য থেকে ৪৭টি সংগঠন অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
সম্মেলনে উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতারাসহ মূলধারার প্রায় ১০ জন নেতা অংশ নেবেন। বাংলাদেশ থেকে যোগ দিচ্ছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
