২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মীর কাসেমের রিভিউ খারিজ, নিউ ইয়র্কেও উল্লাস

জামায়াতে ইসলামীর অর্থযোগানদাতা হিসেবে পরিচিত যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হওয়ায় দেশের পাশাপাশি প্রবাসেও উল্লাস করছে বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2016, 12:01 PM

Updated : 20 Aug 2022, 01:33 PM

সোমবার স্থানীয় সময় রাতে রিভিউ আবেদন খারিজ হওয়ার খবর নিউ ইয়র্কে পৌঁছালে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস, জ্যামাইকা এবং ব্রুকলিনে আনন্দ-উল্লাসে মেতে উঠেন প্রবাসীরা।

‘এই মাত্র খবর এলো- ঘাতক মীর কাসেমের ফাঁসির রায় বহাল রইলো’- স্লোগানে প্রবাসী মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আনন্দ শোভাযাত্রা ও মিষ্টিমুখ করেন।

এসব শোভাযাত্রায় মুক্তিযোদ্ধা কমান্ডার নূরনবী, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি জাকারিয়া চৌধুরী, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি আব্দুল কাদের মিয়া, আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি মোর্শেদা জামান, বঙ্গমাতা পরিষদের নেতা সরাফ সরকার ও আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন।

রিভিউ আবেদন খারিজের ফলে স্বাধীনতা যুদ্ধের সময় কিশোর মুক্তিযোদ্ধা জসিমকে অপহরণ, আটকে রেখে নির্যাতন ও হত‌্যার অপরাধের কাসেমের দণ্ড কার্যকরে আর কোনো আইনি বাধা থাকল না।

নিয়ম অনুযায়ী জামায়াতে ইসলামীর অর্থ জোগানদাতা কাসেম এখন কেবল নিজের কৃতকর্মের জন্য অনুশোচনার কথা জানিয়ে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারেন। এর নিষ্পত্তি হলেই সরকার দণ্ড কার্যকর করবে। 

প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ মঙ্গলবার রিভিউ আবেদন খারিজের রায় ঘোষণা করেন। বেলা ৯টায় এজলাসে এসে প্রধান বিচারপতি বলেন, “ডিসমিসড”। 

কাসেম হলেন ষষ্ঠ যুদ্ধাপরাধী, যার সর্বোচ্চ সাজার রায় কার্যকরের পর্যায়ে এসেছে। তিনি জামায়াতের পঞ্চম শীর্ষ নেতা, যার মৃত্যুদণ্ড শেষ বিচারেও বহাল রাখা হয়েছে।

মুক্তিযুদ্ধের সময়কার ঘাতক বাহিনী আল বদরনেতা কাসেমের রিভিউ আবেদন খারিজ হওয়ায় সন্তোষ জানিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ, ইউএস কমিটি ফর সেক্যুলার অ্যান্ড ডেমক্রেটিক বাংলাদেশ, গণজাগরণ মঞ্চ, প্রজন্ম একাত্তর ও বঙ্গবন্ধু প্রজন্মলীগ।

বিবৃতিতে তারা মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামে ‘বাঙালি খান’ হিসেবে পরিচিতি পাওয়া মীর কাসেমের ফাঁসি অবিলম্বে কার্যকর করার আহ্বান জানিয়েছে।