নিউ ইয়র্ক স্টেট বিএনপির চতুর্থ কমিটি
দলীয় কোন্দল ও সাংগঠনিক রেষারেষির জের ধরে নিউ ইয়র্ক স্টেট বিএনপির চতুর্থ কমিটির ঘোষণা এসেছে। এর আগে আরো ৩টি কমিটির ঘোষণা হয়েছিল।
মঙ্গলবার নিউ ইয়র্কে জ্যাকসন হাইটস সংলগ্ন নর্দার্ন বুলেভার্ডে একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পারভেজ সাজ্জাদ এবং মতিউর রহমান লিটুর নেতৃত্বাধীন এই কমিটির ঘোষণা হয়েছে।
যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে আড়াই বছর আগে। এরপরই নিউ ইয়র্কে বিএনপি পরিবার কয়েক খণ্ডে বিভক্ত হয়ে দলীয় কর্মসূচি পালন করছিল। সাংগঠনিক এই বিরোধ নিরসনে বিএনপি নেতা তারেক রহমানের দোহাই দিয়ে বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন মাস তিনেক আগে সম্মেলনের উদ্যোগ গ্রহণ করেন। সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হলে নগদ এক ডলার জমা দিয়ে বিএনপির সদস্য পদ নেন ২ হাজার ৩০০ জন। কিন্তু বিএনপির সমর্থকদের একটি অংশ নির্বাচনের এ প্রক্রিয়া থেকে সরে দাঁড়ান। তারা এহসানুল হক মিলনের বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ তোলেন। এমনকি পদ-পদবির লোভ দেখিয়ে চাঁদাবাজির অভিযোগও উঠে মিলনের বিরুদ্ধে।
মনোনয়নপত্র বাছাইয়ের পর সভাপতিপ্রার্থী পারভেজ সাজ্জাদ এবং সাধারণ সম্পাদকপ্রার্থী মতিউর রহমান লিটুসহ তাদের প্যানেলের সবাই মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এরপরই মিলন নির্বাচনের সব প্রক্রিয়া স্থগিত করেন। নির্বাচনী প্রক্রিয়ার চূড়ান্ত মুহূর্তে মিলনের এ সিদ্ধান্তে অনেকেই হতভম্ব হন।
এক পর্যায়ে মিলনের গঠিত নির্বাচন কমিশন নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমাদানকারীদের (যেহেতু কারোরই প্রতিদ্বন্দ্বী ছিলেন না) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। এরা হলেন সভাপতি পদে মাহফুজুল মাওলা নান্নু এবং সাধারণ সম্পাদক পদে এম এ বাতিনের নেতৃত্বাধীন প্যানেল। আর এভাবে মিলনের সমর্থকরাও দ্বি-খণ্ডিত হয়ে পড়েন।
এর আগে মিলনের নির্বাচনী প্রক্রিয়াকে পক্ষপাতদুষ্ট বলে অভিহিতকারীরা পাল্টা স্টেট কমিটি ঘোষণা দিয়েছেন। সেই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান ও সাঈদুর রহমান সাঈদ। সাংগঠনিক অরাজক পরিস্থিতির সুযোগে ইমরান খান রনের নেতৃত্বে আরেকটি স্টেট কমিটি ঘোষণা করা হয়েছে গত সপ্তাহে। অর্থাৎ পারভেজ সাজ্জাদ ও মতিউর রহমান লিটুর এ ঘোষণার পর নিউ ইয়র্ক স্টেট বিএনপির চারটি কমিটির আত্মপ্রকাশ ঘটলো।
নিউইয়র্ক : সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করছেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির একাংশের সভাপতি পারভেজ সাজ্জাদ। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
পারভেজ সাজ্জাদ তার লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, “উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা ও দলীয় ঐক্য রক্ষার স্বার্থে তৃণমূল নেতা-কর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে সাংগঠনিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনার লক্ষ্যে আমরা ‘নিউ ইয়র্ক স্টেট বিএনপি’র কমিটি গঠন করতে বাধ্য হই। আজকে নিউ ইয়র্ক স্টেট বিএনপি’র ১০১ সদস্যের নব-নির্বাচিত নেতাদের তালিকা প্রকাশ করা হলো।”
সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটির সভাপতি পারভেজ সাজ্জাদ, জেষ্ঠ্য সহ-সভাপতি জাকির এইচ হাওলাদার, সহ-সভাপতি হুমায়ূন কবির, জাফর তালুকদার, ফখরুল ইসলাম মাছুম, শেখ হায়দার আলী, শেখ আনছার আলী, মো. আব্দুর রব, নূরুল ইসলাম, আবুল কালাম আজাদ, রাহি আজাদ, আতিয়ার রহমান রাজু, সাধারণ সম্পাদক মতিউর রহমান লিটু, যুগ্ম সম্পাদক নূরে আলম, রাশেদ চৌধুরী বিপ্লব, মো. মাইনুল ইসলাম মুহিত ও মো. নূরুজ্জামান উপস্থিত ছিলেন।
