২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে কবিতা আসরে সুন্দরবন-রামপাল

সিঙ্গাপুরে একদল প্রবাসীর কবিতা পাঠের আসরে সুন্দরবন ‘রক্ষায়’ রামপাল বিদ্যুৎকেন্দ্র সরানোর দাবি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মনির আহমদ, সিঙ্গাপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2016, 09:40 PM

Updated : 11 Oct 2022, 08:38 PM

রোববার সন্ধ্যায় সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরিতে ‘কবিতায় সুন্দরবন’ শিরোনামে এই সাহিত্যসভা ও কবিতা পাঠের আয়োজন করা হয়।

নিজেদের লেখা কবিতায় সুন্দরবনের প্রতি ভালবাসা ও রামপাল বিদ্যুৎকেন্দ্র বিকল্প স্থানে নির্মাণের দাবি উঠে আসে। ফেস্টুন প্ল্যাকার্ডেও সুন্দরবন নিয়ে কয়েক লাইন কবিতা লিখে আনেন তারা।  

সাহিত্যপ্রেমীরা বলেন, প্রেম ও প্রকৃতিবিহীন কবিতা হয় না, কবিতায় যেমন ল্যাম্পপোস্টের সোডিয়াম আলো থাকে তেমনি সবুজ শহরও থাকে।

এই দুইয়ের দিকে সামঞ্জস্য রেখে বাংলাদেশের সুন্দরবনের সৌন্দর্য্যের দিকে সবার সজাগ দৃষ্টি দেওয়ার কথা উঠে আসে তাদের কবিতায়।

সৈয়দুর রহমান লিটন তার ‘নিউক্লিয়াস’ কবিতায় বলেছেন,

“হায়!
রামপাল বিদ্যুৎকেন্দ্র কি সরাবে? 
না কি সুন্দরবন! ভেবে দেখো, আমি দেখতে চাই না মৃত্যু,
আমি থাকতে চাইনা অন্ধকারে।”

‘ভালবাসি বাংলার রূপ’ কবিতায় কবি রাজীব শীল জীবন লিখেছেন,

“কেউ যদি আমাকে কালজয়ী ইতিহাসের কথা জিজ্ঞেস করে
তখন অকপটে শহীদ মিনার, স্মৃতি সৌধের কথা বলি।
হঠাৎ কেউ যদি কী কী আমার প্রিয় জানতে চায়
তখন শাপলা, ইলিশ, কাঁঠাল, দোয়েল ও বৈশাখী মেলার কথা বলি।

যখন কেউ পৃথিবীর সপ্তাশ্চর্য স্থানের কথা লিখতে বলে
প্রথমে সুন্দরবন, তারপর কক্সবাজার সমুদ্র সৈকতের নাম লিখি,
কী আমার পরিচয় জিজ্ঞেস করলে বলে ফেলি
আমি একজন বাঙালি।”

জাকির হোসেন খোকন ‘সময়’ কবিতায় বনের প্রাণীর কথা, বনের বুক দিয়ে বয়ে চলা নদীর কথা বলেছেন। মো. শরীফ সুন্দরবনের স্থানীয়দের পূজ্য বনদেবীকে উদ্দেশ্য করে কবিতা পাঠ করেছেন। 

সভায় অন্যদের মধ্যে মোহর খান, মাহবুব হাসান দিপু, সৈয়দুর রহমান লিটন, শ্রমিক মনির, এম এ সবুর ও মো. জাকির হোসেন কবিতা পাঠ করেন। এছাড়া কবি মুকুল হোসেন, সুমন শিকদার ও কলকাতার কবি ও অনুবাদক দেবব্রত বসু উপস্থিত ছিলেন।