২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর খুনিদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা দাবি নিউ ইয়র্কে

১৫ অগাস্ট জাতীয় শোক দিবস এবং ২১ অগাস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে নিউ ইয়র্কে এক কর্মসূচিতে বঙ্গবন্ধুর খুনিদের বাংলাদেশে ফিরিয়ে নিয়ে রায় কার্যকর করার দাবি জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2016, 08:03 PM

Updated : 11 Oct 2022, 08:38 PM

শনিবার স্থানীয় সময় রাতে নিউ ইয়র্কের ব্রুকলিনে নোয়াখালী ভবনে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ আয়োজিত এই আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিত্বকারী প্রবাসীরা অংশ নেন।

সভার প্রধান অতিথি নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার নূরনবী বলেন, “বঙ্গবন্ধুর ঘাতক মৃত্যুদণ্ডপ্রাপ্তদের যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাবার স্বার্থে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং কানাডায় মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত তথা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত কূটনীতিক দরকার। আমলা কূটনীতিক দিয়ে তা কখনো সম্ভব হবে না।”

ব্রুকলিন বরো আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে এই সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু হত্যামামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন জন এবং একাত্তরের ঘাতক হিসেবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরো তিন জন যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাস করছেন। এদের বাংলাদেশে ফিরিয়ে নিতে বেশ কয়েকবার তৎপরতা চালানোর সংবাদ গণমাধ্যমে প্রকাশ পেলেও কার্যত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে প্রবাসীরা জানেন না।

এসব দণ্ডপ্রাপ্ত ঘাতকদের বিস্তারিত তথ্য যুক্তরাষ্ট্র ও কানাডার বিচার বিভাগের মাধ্যমে ইমিগ্রেশন বিভাগকে প্রদান করা হয়নি বলে ইমিগ্রেশন বিষয়ক এটর্নিরা বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে জানান।

তারা জানান, এর আগে বিভিন্ন দেশের যুদ্ধাপরাধী এবং রাষ্ট্রীয় সন্ত্রাসে লিপ্ত থাকার অভিযোগে অভিযুক্তদের নাগরিকত্ব কেড়ে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের অনেক উদাহরণ রয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, “বাংলাদেশকে আবারো পাকিস্তানের ধ্যান-ধারণায় ফিরিয়ে নিতে এখনও জামাত-শিবিরের ক্রীড়নক হিসেবে খালেদা-তারেকেরা কাজ করছে।”

Image
সমাবেশে বক্তব্য রাখছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা জাকারিয়া চৌধুরী। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

সমাবেশে বক্তব্য রাখছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা জাকারিয়া চৌধুরী। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

Image
সমাবেশে প্রবীণ রাজনীতিক নূরনবী কমান্ডার। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

সমাবেশে প্রবীণ রাজনীতিক নূরনবী কমান্ডার। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি আব্দুল কাদের মিয়া বলেন, “সেপ্টেম্বরের শেষ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে আসছেন। সে সময়ে জামাত-শিবিরের মদদে বিএনপি যদি কোন ধরনের অপতৎপরতা চালাতে চায়, তাহলে প্রবাসীদের সাথে নিয়ে মুজিব আদর্শে উজ্জীবিতরা দাঁতভাঙা জবাব দেবে।”

পঁচাত্তরের ১৫ অগাস্ট নৃশংসতার সময় সেনাবাহিনীর চেইন অব কমান্ড যথাযথভাবে কাজ করেনি কেন- সে বিষয়ে নিরপেক্ষ একটি কমিশন গঠনের দাবি জানান একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাষ্ট্র শাখার সাবেক সদস্য-সচিব রাফায়েত চৌধুরী। একইসাথে তিনি আইনমন্ত্রী ও এটর্নি জেনারেলকে অভিনন্দন জানান বিলম্বে হলেও পঁচাত্তরের ১৫ অগাস্ট হত্যাকাণ্ডের নেপথ্য শক্তি ও মদদদাতা জাতীয় ও আন্তর্জাতিক মহলকে চিহ্নিত করার জন্যে একটি কমিশন গঠনের প্রস্তাব দেয়ায়।

আলোচনা সভায় অন্যদের মধ্যে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের সদস্য-সচিব মশিউল আলম জগলু, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি মো. আব্দুল কাদের মিয়া, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সদস্য-সচিব রাফায়েত চৌধুরী, ব্রুকলিন আওয়ামী লীগের নেতা ইসমত হক খোকন ও জাহাঙ্গির হোসেন উপস্থিত ছিলেন।

সভার সমাপ্তি ঘটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে।