নিউ ইয়র্কে দুই বাংলাদেশির খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
ইমাম আকঞ্জিসহ দুই বাংলাদেশির খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ধর্মীয় ও জাতিগত বিদ্বেষমূলক হামলার বিরুদ্ধে অভিবাসী সমাজকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে নিউ ইয়র্কে একটি বহুজাতিক সমাবেশ হয়েছে।
রোববার বিকালে ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড প্লাজায় এই সমাবেশ থেকে ইমাম মাওলানা আলাউদ্দিন আকঞ্জি (৫৫) ও তার সাথী থেরাউদ্দিন মিয়াকে (৬৪) গুলি করে হত্যার প্রতিবাদ এবং ঘাতকের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়।
সমাবেশে খ্রিস্টান, ইহুদি, হিসপ্যানিক, কৃষ্ণাঙ্গ, হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি অটুট রাখার পাশাপাশি যে কোনো ধর্মের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণে সম্মিলিত প্রতিবাদ জানানোর সংকল্প ব্যক্ত করেন নিউ ইয়র্কের অভিবাসীরা।
এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশিদের পরিচালনাধীন বাংলাদেশ মুসলিম সেন্টার জামে মসজিদ, বায়তুল জান্নাহ মসজিদ, দারুল জান্নাহ মসজিদ, ব্রুকলিন ইসলামিক সেন্টার, দারুল সুন্নাহ মসজিদ, সন্দ্বীপ এসোসিয়েশন, সন্দ্বীপ সোসাইটি, সন্দ্বীপ এডুকেশনাল এ্যান্ড কালচারাল সোসাইটি, চট্টগ্রাম সমিতি, বৃহত্তর নোয়াখালী সোসাইটি এবং বৃহত্তর কুমিল্লা এসোসিয়েশন।
প্রতিবাদ সমাবেশ থেকে ‘টুগেদার উই উইল ক্রাই’, ‘টুগেদার উই উইল হিল’, ‘টুগেদার উই উইল সিক জাস্টিস’, ‘টুগেদার উই উইল কলিং পুলিশ ডিপার্টমেন্ট টু পারস্যু দ্য কেস ভিগরাসলি’, ‘সেইফটি স্টার্ট ইন দ্য কম্যুনিটি’ ও ‘মুসলিম রেসপেক্ট রোল অব ল’ ইত্যাদি স্লোগান উচ্চারিত হয়। সমাবেশে নারী শিশুসহ ধর্মীয় নেতা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী-স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও নিউ ইয়র্ক অঙ্গরাজ্য, নগর ও বরো প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শাহানা হানিফ এবং আবুল হাসনাত রাসেলের সঞ্চালনায় ‘পিস এ্যান্ড ইউনিটি র্যালি’ শিরোনামে এই কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম সেন্টারের সভাপতি আবুল হাশেম।
তিনি বলেন, ‘মাওলানা আকঞ্জি এবং থেরা মিয়া ধর্মীয় বিদ্বেষমূলক আচরণের শিকার হয়েছেন। তারপরও কেন নিউ ইয়র্কের পুলিশ এই খুনের অভিযোগে আটক অস্কার মরেলকে ‘হেইট ক্রাইম’র ধারায় গ্রেপ্তার দেখায়নি? পুলিশের এমন আচরণে প্রকারান্তরে দুর্বৃত্তরাই প্রশ্রয় পাচ্ছে।’
দারুল সুন্নাহ মসজিদের সভাপতি মুফতি খালেদ বলেন, ‘সন্ত্রাসীদের কোনো জাতি বা ধর্ম নেই। ওরা হচ্ছে মানবতার শত্রু।’
ব্রুকলিনের ইহুদি সম্প্রদায়ের নেতা যোসেফ প্যাজাটি বলেন, ‘ইমাম আকঞ্জি ও থেরা মিয়াকে হত্যার ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই। এভাবে নিরীহ মানুষ হত্যার ঘটনাকে কোন সভ্য সমাজই মেনে নিতে পারে না। আমরা ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কম্যুনিটির নিরাপত্তায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করার দাবি জানাই।’
২৪ ঘণ্টার মধ্যেই ঘাতক গ্রেপ্তার হওয়ায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বিচার শেষ না হওয়া পর্যন্ত সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে অন্যদের মধ্যে জুইশ ধর্মীয় নেতা রাব্বাই বোব, খ্রিস্টান ধর্মীয় নেতা বিশপ ডেভিড, স্টেট সংসদ সদস্য যোসেফ আর ল্যান্টল, ওজোনপার্কের লুথারেন চার্চের নেতা ডেভিড এইচ বেংক, নিউ ইয়র্ক হিসাবাধ্যক্ষ প্রতিনিধি আলেয়া লতিফ, কম্যুনিটি কর্মী শাহানা হানিফ, নিউ ইয়র্ক মন্ত্রীসভার সদস্য ব্র্যাড ল্যান্ডার, ব্রুকলিন বরো সভাপতি এরিক এডামস, স্টেট সংসদ সদস্য আলিস কেন্স্যাল, সিটি মেয়রের ব্রুকলিন বরো পরিচালক ডেনিয়েল আব্রামসন, সমাজকর্মী হাসিবা হক, ৪৪তম জেলা সমাবেশ প্রতিনিধি রোবার্ট ক্যারল, কম্যুনিটি বোর্ড সদস্য মামনুনুল হক, বিচারিক প্রতিনিধি ফজলুর রহিম ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বক্তব্য রাখেন।
কয়েকজন বক্তা মুসলমানদের ওপর এমন আক্রমণের জন্য রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জাতি ও ধর্ম বিদ্বেষমূলক বক্তব্যকে দায়ী করেন।
ইমামসহ দুই বাংলাদেশিকে খুনের মামলায় গ্রেপ্তার অস্কার মরেলকে সোমবার কুইন্সের আদালতে হাজির করার কথা। তার বিরুদ্ধে খুনের প্রথম পর্যায়ের অভিযোগ দায়ের করা হয়েছে।
