২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফোবানা সম্মেলন: বাংলাদেশ ও উত্তর আমেরিকার ঐক্যের সুবাতাস

ওয়াশিংটনে ৩০তম ফোবানা সম্মেলনকে ঘিরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে চলছে নানা ধরনের প্রস্তুতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শিব্বীর আহমেদ, ওয়াশিংটন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2016, 10:08 PM

Updated : 11 Oct 2022, 08:38 PM

বাংলাদেশের সঙ্গে উত্তর আমেরিকার বাণিজ্যসহ নানা ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক দৃঢ়তর করার লক্ষ্যে ফোবানা ৩০ বছর ধরে এ সম্মেলন করে আসছে।   

সেপ্টেম্বরের ২ থেকে ৪ তারিখ যুক্তরাষ্ট্রের সামরিক সদরদপ্তর পেন্টাগনের পাশে পেন্টাগন শেরাটন হোটেল বলরুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী এই সম্মেলন। 

সম্মেলনে উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতারাসহ মূলধারার প্রায় ১০ জন নেতা অংশগ্রহণ করবেন বলে শনিবার ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডের ডেরা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন আয়োজন পর্ষদের সভাপতি মোহাম্মদ আলমগীর।

তিনি বলেন, মূলধারার নেতাদের মধ্যে কংগ্রেসম্যান ক্রিস ভ্যালেন, কংগ্রেসম্যান জন ডিলানি, কংগ্রেসম্যান পদপ্রার্থী লুটানেন্ট গভর্নর এন্থনি ব্রাউন, মেরিল্যান্ড স্টেট সিনেটর জেইমি রাসকিন, মেরিল্যান্ড স্টেট সিনেটর সুসান লি, মেরিল্যান্ড স্টেট ডেলিগেট ক্যাথলিন ডুমিয়াস, মেরিল্যান্ড স্টেট ডেলিগেট ডেভিড ফ্রেইজার, মেরিল্যান্ড স্টেট ডেলিগেট ডেভিড মুন, ডেমোক্রেট নেতা ইভেট লুইস ও চার্লস কনর অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

এছাড়া যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ভাই রজার ক্লিনটন ও ভার্জিন আইল্যান্ড সুন্দরী নিকোল স্মিথ ফোবানায় আসতে সম্মত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে বলা হয়। 

এদিকে বাংলাদেশ থেকে সম্মেলনে যোগ দিচ্ছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। নৃত্যশিল্পী হিসেবে যোগ দিতে ইতোমধ্যেই বাংলাদেশ থেকে ওয়াশিংটনে এসে পৌঁছেছেন বাংলাদেশের নৃত্যশিল্পী ওয়ার্দা রিহ্যাব ও তার দল।

এদিকে শুক্রবার সম্মেলনকে ঘিরে ফোবানা সাংস্কৃতিক পর্ষদের সভাপতি আবু রুমীর আহ্বানে ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডের নিরালা রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক পর্ষদের এক প্রস্তুতি সভা। সভায় ফোবানা সম্মেলনের জন্য আয়োজিত অনুষ্ঠানমালার অগ্রগতি ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় অন্যদের মধ্যে সম্মেলনের সভাপতি মোহাম্মদ আলমগীর, আহ্বায়ক এটিএম আলম, সদস্য সচিব নুরুল আমিন নুরু, সহ-সভাপতি শরাফত হোসেন বাবু, শম্পা বণিক, বুলবুল ইসলাম, অর্থ পর্ষদের সভাপতি নাঈম রহমান, নিবন্ধন পর্ষদের সভাপতি রেদোয়ান চৌধুরী, লিয়াজো পর্ষদের সভাপতি আক্তার হোসাইন, উপদেষ্টা রাশেদুল হাসান খান, সিনিয়র সহ-আহ্বায়ক শফি দেলোয়ার কাজল, সাংস্কৃতিক পর্ষদের সহ-সভাপতি কামরুল ইসলাম কামাল ও সম্মেলন সদস্য-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলন উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ভার্জিনিয়া রাজ্যের সিনেটর মার্ক ওয়ার্নার, গভর্নর টেরি ম্যাকলফি, ফ্লোরিডা রাজ্যের সিনেটর বিল নেলসন, সিনেটর মার্ক রুবিও, ফ্লোরিডা, আর্লিংটন ও ভার্জিনিয়ার পুলিশ প্রধান শুভেচ্ছা বাণী দিয়েছেন।

বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “ফোবানা সম্মেলন প্রতি বছর শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও সামাজিক কার্যক্রমে প্রবাসী তরুণদের উৎসাহিত করে। অনুপ্রেরণা যোগানো হয় দাতব্য কার্যক্রমে। এছাড়া বাংলাদেশের সঙ্গে উত্তর আমেরিকার বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর নানা দিক সম্মেলনে উপস্থাপিত হয়।”

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, ফোবানা উত্তর আমেরিকায় তাদের এ কার্যক্রম চালিয়ে যাবে এবং বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

প্রেসিডেন্ট বারাক ওবামা তার বার্তায় বলেন, “ফোবানার মতো সংগঠনগুলো আমেরিকার সমৃদ্ধ ইতিহাস উদযাপনে সহযোগিতা করছে। সংগঠনগুলোর কার্যক্রম ব্যক্তিকে তার শেকড়ের বাঁধনে বেঁধে রাখে।”

বরাবরের মতো এবারের সম্মেলনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও বাঙালির সংস্কৃতি তুলে ধরা হবে বলে জানা গেছে। ফোবানা বাংলাদেশ প্যারেডের মধ্য দিয়ে তুলে ধরা হবে বাংলা ও বাঙালির ঐতিহ্য।

সম্মেলনে এই প্রথমবারের মত বাংলাদেশি প্রকৌশলী ও স্থাপত্যশিল্পীদের সংগঠন ‘আবেয়া’ বিজ্ঞানমেলা ও সেমিনারের আয়োজন হচ্ছে। ‘বাংলাদেশ এসোসিয়েশন আমেরিকা’ (ইনক) এর উদ্যোগে অনুষ্ঠিত হবে শিশু কিশোর ট্যালেন্ট শো প্রতিযোগিতা। এছাড়াও কাব্য জলসা, চলচ্চিত্র প্রদর্শনী, চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনারসহ নানা আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানা গেছে।

ফোবানা সম্মেলনের টিকেট ইতিমধ্যেই অনলাইনে বিক্রি শুরু হয়েছে। ছাড় মূল্যে অনলাইনে (http://www.fobana2016.fobanaonline.com/) তিনদিনের ভিভিআইপি ২৫০, প্রতিদিন ভিভিআইপি ১০০, তিনদিনের ভিআইপি ১২৫, প্রতিদিনের জন্য ৫০ এবং সাধারণ তিনদিনের জন্য ৫০ এবং প্রতিদিনের জন্য ২০ ডলার মূল্যে টিকেট সংগ্রহ করা যাবে।