মালয়েশিয়ায় বাংলা রেস্তোরাঁ
দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াকে বলা হয় পর্যটনের দেশ। দক্ষিণ চীন সাগরে দুই ভাগে বিভক্ত দেশটিতে প্রতি বছর কয়েক লাখ পর্যটক আসেন। পর্যটনশিল্পকে কেন্দ্র করে দেশটিতে গড়ে উঠেছে প্রচুর দেশি-বিদেশি রেস্তোরাঁ।
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের পরিচালিত প্রায় ৫০টি বাংলা রেস্তোরাঁ রয়েছে। আমি ‘রূপসী বাংলা’ নামে একটি রেস্তোরাঁ চালাই। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিনতাং-এ চার বছর আগে আমি এটি গড়ে তুলি। ‘স্বাদে ও আভিজাত্যে অদ্বিতীয়’ এই আমাদের স্লোগান। আর সুস্বাদু খাবারে রসনা বিলাসের নিরন্তর চেষ্টা। অল্প দিনের মধ্যেই রেস্তোরাঁটি জনপ্রিয়তা পেয়েছে ভোজন বিলাসীদের কাছে। রেস্তোরাঁয় অতিথিদের পাশে দাঁড়িয়ে আমি খোঁজ খবর নেই।
উঠতি শিল্পোন্নত বাজার অর্থনীতির দেশ মালয়েশিয়ায় নানা কাজে আসেন প্রবাসী ও পর্যটকরা। সবার কাছেই বাঙালি খাবারের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে বাংলা রেস্তোরাঁগুলো।
ভোজনপ্রিয় বাঙালিদের দেশি খাবারের প্রতি আকর্ষণ সব সময়। মালয়েশিয়ায় প্রায় কয়েক লাখ বাংলাদেশি বিভিন্ন রাজ্যে শ্রমিক হিসেবে কাজ করছেন। সপ্তাহের শনি ও রোববার এখানে ছুটির দিন। এই দুই দিন বাংলাদেশি শ্রমিকেরা রেস্তোরাঁগুলোতে ভিড় করেন। অন্যান্য কাজের দিনের শেষেও অনেক প্রবাসী রাতে বাংলা খাবার খেতে আসেন। তখন রেস্তোরাঁগুলোতে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা বসে।
