২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপে জাতীয় শোক দিবস পালন

বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ মালদ্বীপ শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রনি নন্দী, মালে মালদ্বীপ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2016, 08:22 PM

Updated : 11 Oct 2022, 08:38 PM

শুক্রবার মালদ্বীপের রাজধানী মালের সি-বিল্ডিং মিলনায়তনে স্থানীয় সময় রাত ৮টায় মালদ্বীপ আওয়ামী লীগ শাখার নেতারা ১৯৭৫ সালের ১৫ অগাস্ট স্মরণে আলোচনা সভা করেন।

সভায় মালদ্বীপ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত টি কে এম মোশফেকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল হারুন-অর রশিদ ও মালদ্বীপের ব্যবসায়ী দুলাল হোসেন।

সভাপতি আকবর হোসেন তার বক্তব্যে বলেন, “যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি, তারাই ৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। তারাই বাংলাদেশের অগ্রযাত্রা ও স্বাধীনতাকে বিলুপ্ত করে দেশকে জঙ্গিরাষ্ট্রে পরিণত করতে চায়।”

সভায় উপস্থিত নেতাদের মধ্যে সহ-সভাপতি গাজী সাদেক, শাহজালাল মানিক, সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহজালাল সিকদারসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এসময় অন্যদের মধ্যে ন্যাশনাল ব্যাংকের স্থানীয় পরিচালক হুমায়ন কবির, জাহিদুল ইসলাম, মালদ্বীপ শাখা আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতারাসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।