২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে বঙ্গবন্ধুকে স্মরণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জার্মানির নর্থ রাইন ভেস্টফেলান রাজ্যের প্রবাসী বাংলাদেশিরা শোক কর্মসূচি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোফাজ্জল হোসেন সুমন, জার্মানি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2016, 09:12 PM

Updated : 11 Oct 2022, 08:37 PM

শুক্রবার জার্মানির ডুসেল্ড্রফে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে এক আলোচনা সভা হয়।

সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একে একে সবাই ফুল দিয়ে এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

‘ফর বাংলাদেশ’ এর সভাপতি প্রকৌশলী হাসনাত মিয়ার সভাপতিত্বে এবং ডুইসবুর্গ-এসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. জাহিদুল হক রিফাতের সঞ্চালনায় শুরু হয় আলোচনা সভা। উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে তাসফিকুর রহমান অর্ণব, মাসুম বিল্লাহ, পলাশ মালাকার, হাবিবুর রহমান হাবিব, প্রবাসী উদ্যোক্তা কেয়া মিয়া ও এলিটা বক্তব্য রাখেন।

‘ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র সাবেক সভাপতি ও বর্তমানে জার্মানিতে অধ্যয়নরত  মোফাজ্জল হোসেন সুমন তার বক্তব্যে বলেন, “যারা মুখে বঙ্গবন্ধুর আদর্শের কথা বলেন কিন্তু অবৈধ উপায়ে সম্পদের পাহাড় গড়ে তুলছেন তারাও বঙ্গবন্ধুর খুনি। কারণ তারা প্রতিনিয়ত খুন করে চলেছে বঙ্গবন্ধুর আদর্শকে।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোবারক আলী ভূইয়া তার বক্তব্যে বঙ্গবন্ধুর যে সব খুনিরা এখনো বাংলাদেশের বাইরে পলাতক আছে তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে বিচার কার্যকর করার অনুরোধ জানান। আলোচনা সভায়  বাংলাদেশ থেকে টেলিফোনের মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ চৌধুরী। প্রবাসে এরকম আয়োজনের জন্য সবাইকে তিনি ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে হাসনাত মিয়া বলেন, “বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে খুনিরা অসাম্প্রদায়িক বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল।”