দুই বাংলাদেশি হত্যা: ‘মোটিভ’ জানতে চায় সন্ত্রস্ত স্বজনরা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইমামসহ দুই বাংলাদেশিকে হত্যার ছয় দিনেও পুলিশ হত্যাকাণ্ডের কারণ নিয়ে কিছু না বলায় উদ্বেগ প্রকাশ করে ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তাদের সন্ত্রস্ত স্বজনরা।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে নিউইয়র্ক সিটি কাউন্সিলের সামনে সংবাদ সম্মেলনে এই হত্যাকাণ্ডে ‘ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের’ অভিযোগ না আনায়ও উদ্বেগ প্রকাশ করেন তারা।
শনিবার দুপুরে কুইন্সের ওজনপার্কে আল ফোরকান জামে মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন আকঞ্জি (৫৫) ও তার প্রতিবেশি থেরা উদ্দিনকে (৬৪) একব্যক্তি গুলি করে হত্যা করে।
ওই ঘটনায় অসকার মোরেল (৩৫) নামে হিসপানিক একব্যক্তিকে এর মধ্যে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে হত্যা ও অবৈধ অস্ত্র বহনের অভিযোগ আনা হয়েছে।
নিউ ইয়র্ক পুলিশ তার ব্রুকলিনের বাসা থেকে একটি রিভলবার ও দুই বাংলাদেশি হত্যায় ব্যবহৃত পোশাক উদ্ধার করেছে বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতিবেদন প্রকাশ করেছে।
তার বাসা থেকে পয়েন্ট ৩৮ ক্যালিবারের রিভলবারের ভেতর যে গুলি ছিল, একই ধরনের গুলি পাওয়া যায় ইমামের মাথায়।হত্যাকাণ্ডের পর আশপাশের সিসিটিভিতেও মোরেলের ছবি দেখা যায়।
তবে মোরেলকে মঙ্গলবার আদালতে হাজির করা হলে তিনি ইমামসহ দুই বাংলাদেশি হত্যায় জড়িত থাকার কথা অস্বীকার করেন।
সংবাদ সম্মেলনে ইমাম আকঞ্জির জামাতা মোমিন আহমেদ বাষ্পরুদ্ধ কণ্ঠে বলেন, “আমাদের হৃদয় ভেঙ্গে গেছে। তিনি ছিলেন অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। তবে অসকারকে গ্রেপ্তারের জন্য আমি ও পরিবারের সবাই নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
“একইসঙ্গে আমরা জানতে চাই হত্যার কারণ ও ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
সংবাদ সম্মেলনে নিহত দুই বাংলাদেশির স্বজন, ইহুদি, খ্রিস্টান ও মুসলিম কম্যুনিটির শীর্ষস্থানীয় নেতারাও ব্ক্তব্য দেন।
তারা বলেন, ধর্মীয় বিদ্বেষমূলকভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে। তারপরও এখন পর্যন্ত অভিযুক্ত অসকারের বিরুদ্ধে ‘হেইট ক্রাইমের’ ধারা যুক্ত করা হয়নি- এটি সত্যি দুঃখজনক।
‘মুসলমান বলেই’ ইমামসহ দুজনকে পেছন থেকে মাথায় রিভলবার ঠেকিয়ে গুলি করা হয় বলে মনে করেন তারা।
নিহত ইমামের প্রতিবেশি থেরাউদ্দিনের শ্যালিকা আফিয়া উদ্দিন সাংবাদিকদের বলেন, “আমার ছয়টি ৬টি শিশু সন্তানই ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে। বাসার বাইরে যেতে চায় না।”
সংবাদ সম্মেলন থেকে ধর্মীয় বিদ্বেষমূলক আচরণের বিরুদ্ধে সব ধর্মীয় জনগোষ্ঠীর প্রতি রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
মসজিদে মুসল্লিদের যাতায়াতের পথে টহল পুলিশের সংখ্যা বাড়ানো পাশাপাশি সিসিটিভির সংখ্যাও বাড়ানোর দাবি জানান তারা।
অপর এক অনুষ্ঠানে সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো হত্যাকাণ্ডের বিষয়ে বলেন, “নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের গোয়েন্দারা সর্বাত্মকভাবে কাজ করছেন। এখন পর্যন্ত তারা হত্যার ‘মোটিভ’ উদ্ঘাটনে সক্ষম হননি।
“যতক্ষণ পর্যন্ত আমরা মোটিভ সম্পর্কে নিশ্চিত না হব, ততক্ষণ পর্যন্ত সে ব্যাপারে কিছুই বলা সম্ভব নয়।”
এইচএ/১১১২ঘ.
ছবির ক্যাপশন-সংবাদ সম্মেলন
নিউ ইয়র্কে ইমাম আলাউদ্দিন আকঞ্জি এবং থেরা উদ্দিনের হত্যা নিয়ে মুসলিম-আমেরিকানদের মধ্যে ভীতিকর পরিস্থিতির উদ্ভব হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান আফিয়া উদ্দিন। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
