২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের মাৎসুয়ে শহরে রবীন্দ্রস্মৃতি

জাপানের মাৎসুয়ে রেকিশিকান জাদুঘরে যেসকল সাংস্কৃতিক সম্পদ সংগৃহীত আছে তার মধ্যে এশিয়ার প্রথম নোবেলবিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি অন্যতম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবীর বিকাশ সরকার, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2016, 04:57 PM

Updated : 12 Apr 2022, 02:41 AM

জাপানের যেখানেই যাই একটা চোখ আমার নীরবে খুঁজে চলে রবীন্দ্রনাথের স্মৃতিচিহ্ন। এবং পেয়েও যাই। গুরুদেব নিজেই যেন আমাকে দর্শন দেন!

এভাবে তার অনেক স্মৃতিচিহ্ন খুঁজে পেয়েছি। বিগত ১০০ বছর ধরেই গুরুদেব জাপানের বহু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। সেসব মূল্যবান স্মৃতিচিহ্ন সংগ্রহের কাজেই জীবনের শেষবেলা কেটে যাবে। দূর ভবিষ্যৎ প্রজন্মের মননচর্চায় যদি একদিন কাজে লাগে এই ভেবে। হারিয়ে যাতে না যায় তাই গ্রন্থে গ্রন্থিত করে রাখার কাজও চলছে।

৮-৯ অক্টোবর (২০১৪) তারিখে গিয়েছিলাম শিমানে-প্রিফেকচারে। সেখানে ইজুমো তাইশা নামে যে সুপ্রাচীন শিন্তোও ধর্মীয় মহামন্দিরটি রয়েছে সেটা পরিদর্শন করার জন্য। জাপানের নিজস্ব ধর্ম শিন্তোও যার অর্থ (ঈশ্বরের পথ), এর সবচে বড় এবং গুরুত্বপূর্ণ তীর্থস্থান হচ্ছে এই ইজুমো তাইশা। বিশাল জায়গা নিয়ে একাধিক মন্দিরবিশিষ্ট এই প্রকল্পটি জাপানে আসবার পর থেকেই আমাকে টানছিল। সময় ও সুযোগের কারণে যেতে পারিনি। সেটা এবার হল তাও ৩০ বছর পরে!

জাপানে প্রচলিত আছে যে দশ মাস তথা অক্টোবর মাস হচ্ছে কামিনাশিৎসুকি (কামি=ঈশ্বর/দেবদেবী, নাশি=নয়/নেই, ৎসুকি=মাস)। কারণ এই মাসে শিন্তোও ধর্মীয় সকল দেবতা এই ইজুমো তাইশা মন্দিরে সমবেত হন। ডিসেম্বর মাস পর্যন্ত তারা আর কোথাও থাকেন না। এখানে এসে সম্মেলনে মিলিত হন। তাই আমাদের মতো বহু জাপানি এই মাসে এখানে এসে প্রার্থনা জানান একসঙ্গে সকল দেবতাকে। এটা একটা বিশেষ সুযোগও বটে।

শিমানে-প্রিফেকচারের রাজধানী মাৎসুয়ে শহর। জে আর মাৎসুয়ে রেলস্টেশনের পাশেই টোকিও  ইন হোটেলে আমরা রাত্রিযাপন করলাম। সকালবেলা চেকআউট করার সময় দেখলাম পত্রিকা স্ট্যান্ডে একটি ম্যাগাজিন: মাৎসুয়ে বুনকা জোওহোও শি বা মাৎসুয়ে সাংস্কৃতিক তথ্যবিষয়ক সাময়িকী। বিশ্বখ্যাত আইরিশ লেখক লাফকাডিও হার্ন (জাপানি নাম কোইজুমি ইয়াকুমো, ১৮৫০-১৯০৪) এর প্রতিচিত্র প্রচ্ছদে। কৌতূহলবশত হাতে নিয়ে প্রচ্ছদ উল্টাতেই দৃষ্টি স্থির হয়ে গেল রবীন্দ্রনাথের ছবির ওপর! কী ব্যাপার? নাতিদীর্ঘ একটি রচনা। সেটা পড়ে দেখলাম। সিরিজ হিসেবে এই নিদর্শনগুলোকে উপস্থিত করা হচ্ছে নিয়মিত। এবারের অধ্যায় ১৫ নম্বর। কী সম্মান ভেবে শ্রদ্ধায় দুচোখ ভিজে এলো!

রচনাটি লিখেছেন এই জাদুঘরের নির্বাহী এক গবেষক নিশিজিমা তারোও। তিনি রবীন্দ্রনাথের একটি অতিসংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরে ছবিটি সম্পর্কে লিখেছেন: ছবিটি মাৎসুয়েবাসী আলোকচিত্রগ্রাহক হোরি ইচিরোও আমেরিকার নিউইয়র্কে ১৯২১-২২ সালের কোনো এক সময়ে যখন রবীন্দ্রনাথ সেখানে অবস্থান করছিলেন তখন তুলেছিলেন বলে মনে করা হয়। ছবিটিতে রবীন্দ্রনাথের স্বাক্ষর বিদ্যমান। ইচিরোও

কোইজুমি ইয়াকুমোর ছবিও তুলেছেন এবং তার সঙ্গে ভ্রমণেও সঙ্গ দিয়েছেন বলে জানা যায়।

আরও জেনে চমৎকৃত হলাম যে, স্বনামধন্য জাপানি বৌদ্ধপণ্ডিত, সংস্কৃতবিশেষজ্ঞ, গবেষক, ভারতত্ত্ববিদ টোকিও বিশ্ববিদ্যালয়ের ভারতীয় দর্শন বিভাগের অধ্যাপক নাকামুরা হাজিমে (১৯১১-৯৯) এই মাৎসুয়ে শহরেই জন্মগ্রহণ করেছিলেন। আজীবন রবীন্দ্রভক্ত এই অধ্যাপকের সবচে বড় অবদান হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাপানের সংযোগ পুনঃস্থাপনে উদ্যোগ গ্রহণ করা, যা আজও অব্যাহত রয়েছে।