দুই বাংলাদেশির খুনির বিচার চেয়ে নিউ ইয়র্কে বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মসজিদের ইমামসহ দুই বাংলাদেশির খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্কে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে মসজিদ ও যুক্তরাষ্ট্রে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
শনিবার দুপুরে কুইন্সের ওজনপার্কে আল ফোরকান জামে মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন আকঞ্জি (৫৫) ও তার প্রতিবেশি থেরা উদ্দিনকে (৬৪) একব্যক্তি গুলি করে হত্যা করে।
ওই ঘটনায় অসকার মোরেল (৩৫) নামে হিসপানিক একব্যক্তিকে এর মধ্যে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে হত্যা ও অবৈধ অস্ত্র বহনের অভিযোগ আনা হয়েছে।
সমাবেশে বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু বলেন, “গ্রেপ্তার মোরেলের ঘর থেকে পয়েন্ট ৩৮ ক্যালিবারের রিভলবার উদ্ধার করা হয়েছে। ভিডিও ফুটেজে যে পোশাকে তাকে দৌড়ে পালাতে দেখা গেছে, তাও উদ্ধার করা হয়েছে।
“সে-ই যে ঘাতক, এতে কোনো সন্দেহ নেই। নিউ ইয়র্কে মৃত্যুদণ্ডের বিধান নেই, তাই তার আজীবন কারাদণ্ড দাবি করছি।”
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় অভিযুক্ত অসকার মোরেলকে আদালত থেকে কারাগারে নেওয়া হয়। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
নিউ ইয়র্ক পুলিশ তার ব্রুকলিনের বাসা থেকে একটি রিভলবার ও দুই বাংলাদেশি হত্যায় ব্যবহৃত পোশাক উদ্ধার করেছে বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রথম দিন শুনানি শেষে কুইন্সের আদালত অসকার মোরেলকে রাইকার্স আইল্যান্ড কারাগারে পাঠিয়ে দেয়।
কারাগারে যাওয়ার পথে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মোরেল বলেন, “ওটা আমি ছিলাম না। আমি শুধু বলতে চাই, আমি সকল ধর্মকেই পছন্দ করি।”
মোরেলের বিরুদ্ধে ‘ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের’ অভিযোগ না আনায় বাংলাদেশ সোসাইটির বিক্ষোভ সমাবেশে ক্ষোভ জানানো হয়েছে।
আইনজীবী মোহাম্মদ এন মজুমদার বলেন, “রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর যুক্তরাষ্ট্রে মুসলিম-বিদ্বেষ বেড়েছে। বাংলাদেশি হত্যার ঘটনা এর অন্যতম উদাহরণ।”
যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসীদের নিরাপত্তা রক্ষায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান শ্রমিক ইউনিয়ন নেতা মাফ মিসবাহ উদ্দিন।
কম্যুনিটি অ্যাক্টিভিস্ট মাজেদা এ উদ্দিন বলেন, যুক্তরাষ্ট্রের মসজিদগুলোতে আসা মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল পুলিশের সংখ্যা বাড়াতে হবে।
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যার প্রতিবাদ ও মুসলিম-আমেরিকানদের নিরাপত্তার দাবিতে বাংলাদেশ সোসাইটির বিক্ষোভ সমাবেশ। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার ও কম্যুনিটি অ্যাক্টিভিস্ট কাজী আজম বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন।
প্রবাসীরা সমাবেশে ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘স্টপ হেইট ক্রাইম’, ‘মুসলিম লাইভস ম্যাটার’, ‘উই ডিমান্ড জাস্টিস’ লেখা প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করে।
একইদিন নিউ ইয়র্ক পুলিশের কমিশনার উইলিয়াম ব্র্যাটন এক সংবাদ ব্রিফিংয়ে জানান, বাংলাদেশি ইমাম ও তার প্রতিবেশি হত্যা ‘বিদ্বেষমূলক ঘটনা’ কী না তা খতিয়ে দেখা হচ্ছে।
“কম্যুনিটির অনেকেই ভাবছেন যে এটি ‘হেইট ক্রাইম’। তবে এখনও আমরা নিশ্চিত করতে পারছি না”
দুই বাংলাদেশি হত্যা মামলায় বৃহস্পতিবার পরবর্তী শুনানির কথা রয়েছে।
