শোক দিবসে জাতিসংঘ মিশনে নানা কর্মসূচি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকালে নিউ ইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে এদিনের কর্মসূচি শুরু হয়।
বিকালে মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। স্থায়ী মিশনের পর নিউ ইয়র্ক কনসাল জেনারেল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, নিউ ইয়র্ক ও জর্জিয়া আওয়ামী লীগ, বঙ্গমাতা পরিষদ, গোপালগঞ্জ জেলা সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে আলোচনা সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদসহ রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।
