২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অটোয়ায় বঙ্গবন্ধুকে স্মরণ

কানাডার রাজধানী অটোয়ায় জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সদেরা সুজন, সিবিএনএ কানাডা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2016, 09:09 PM

Updated : 11 Oct 2022, 08:37 PM

সোমবার কানাডার ম্যাকন্যাব কমিউনিটি সেন্টারে বাংলাদেশ হাই-কমিশন এই কর্মসূচির আয়োজন করে।

কানাডায় নিযুক্ত হাই-কমিশনার মিজানুর রহমান বাংলাদেশ হাউসে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে শোক দিবসের কর্মসূচি শুরু করেন। এ সময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে হাই-কমিশনার মিজানুর রহমানের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং তাদের পরিবারের নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর নির্মিত তথ্যভিত্তিক প্রামাণ্যচিত্র ‘সোনালী দিনগুলি’ প্রদর্শন করা হয়।

শোকসভায় কানাডা আওয়ামী লীগের নেতা মতিন মিয়া, সাজ্জাদ হোসেন চৌধুরী, এম এ কাশেম, মুন্সী বশীর, সৈয়দ আনোয়ারুল হক,  ওমর সেলিম শের, সেলিনা সিদ্দীকি, হাসিনা আক্তার জানু, ইতরাত জুবেরী সেলিম, গোলাম মুহিবুর রহমান এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্স,  রাশেদা নেওয়াজ, দেওয়ান মাহমুদ, শহীদুল ইসলাম মিন্টু, মাকসুদ খান ও আরীব সাইফুদ্দিন বক্তব্য রাখেন।

হাই-কমিশনার মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, “বাঙালি জাতির ইতিহাসে সবচাইতে দুর্ভাগ্যের ও শোকাবহ দিন ১৫ অগাস্ট। ১৯৭৫ সালের এই ভয়াল কালরাতে জাতির জনক ও তার পরিবারের সদস্যদের হত্যার মধ্য দিয়ে স্বাধীনতাবিরোধী চক্র বাংলাদেশের অগ্রযাত্রাকে থমকে দিতে চেয়েছিলো।”  

অনুষ্ঠান সঞ্চালন করেন বাংলাদেশ হাই-কমিশনের প্রথম সচিব অপর্ণা রাণী পাল। অটোয়া, টরন্টো এবং মন্ট্রিয়েল আওয়ামী লীগ নেতারা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও পেশাজীবীসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি জাতীয় শোক দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।