অসুস্থতা নিয়ে লন্ডনে বঙ্গবন্ধুর আলোচনায় সৈয়দ হক
লন্ডনে চিকিৎসাধীন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক অসুস্থতা ভুলে গিয়ে জাতীয় শোক দিবসের সভায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিলেন।
সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লন্ডনে ক্যানসিংটন এলাকার ওল্ড চ্যালসি টাউন হলে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শোক দিবস পালন করে লন্ডনে বাংলাদেশি হাই কমিশন।
আলোচনা সভায় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে কবি সৈয়দ শামসুল হক বলেন, “বঙ্গবন্ধুর কাছ থেকে আমরা পেয়েছি সত্যের পথে এগিয়ে যাওয়ার দিক্ষা।”
সারা বিশ্বে বাংলা ভাষাকে একটি প্রতিনিধিত্বশীল ভাষা হিসেবে প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান ও যুক্তরাজ্যের সাথে বঙ্গবন্ধুর রাজনৈতিক সম্পর্কের অনেক স্মৃতিকথা তুলে ধরেন তিনি। এরপর তিনি তার সদ্য রচিত একটি কবিতা পাঠ করে শুনান।
লেখক ও কলামনিস্ট আব্দুল গাফফার চৌধুরী বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোকপাত করে বলেন, “বঙ্গবন্ধু একজন মহান রাষ্ট্রনায়ক ছিলেন। শেখ মুজিব বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অংশ। পরাধীন জাতিকে তিনি স্বাধীন করেছেন। পৃথিবীতে অনেক নেতা এসেছেন, কিন্তু বঙ্গবন্ধুর মত নেতার আর্বিভাব ঘটেনি।”
এর আগে দিনের শুরুতে হাই কমিশনে জাতীয় পতাকা অর্ধ-নমিত করা হয়। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার খন্দকার এম তালহাসহ হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন । এছাড়াও যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষে সুলতান শরীফ ও যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের পক্ষে খালেদা মুস্তাক চৌধুরী এবং বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন পুষ্পস্তবক অর্পণ করেন।
শোক দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
ভারপ্রাপ্ত হ্ইাকমিশনার খন্দকার এম তালহা তার বক্তব্যে বলেন, “বঙ্গবন্ধু সোনার বাংলার যে স্বপ্নের জাল বুনেছিলেন তা ছিল অবাল-বনিতা, কামার-কুমার, কৃষক- শ্রমিক এবং সকল বাঙালির স্বপ্ন।”
এছাড়া যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, যুগ্ম-সম্পাদক মারুফ চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফয়জুর রহমান খান, যুগ্ম-মহিলা সম্পাদক খালেদা মুস্তাক চৌধুরী আলোচনায় অংশগ্রহণ করেন।
আলোচনাকালে বক্তারা বঙ্গবন্ধুর জীবন আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রকাশনার উপর গুরুত্ব আরোপ করেন। এরপর বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের উপর একটি সচিত্র প্রামাণ্য চিত্র প্রদর্শণ করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন একটি স্মরণিকাও প্রকাশ করে।
