২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শোক দিবস: নিউ ইয়র্কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

জাতীয় শোক দিবসে নিউ ইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ মিশনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2016, 12:51 PM

Updated : 11 Oct 2022, 08:37 PM

সোমবার সকাল থেকেই স্থায়ী মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

বিকালে জাতিসংঘে বাংলাদেশে স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, কনসাল জেনারেল মোহাম্মদ শামীম আহসান জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু করেন।  

এরপর একে একে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, নিউ ইয়র্ক ও জর্জিয়া আওয়ামী লীগ, বঙ্গমাতা পরিষদ, গোপালগঞ্জ জেলা সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।

এদিন বাংলাদেশ মিশনে শোক দিবস নিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী শোনানো হয়; প্রদর্শিত হয় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে বানানো ভিডিওচিত্র। ছিল ১৫ অগাস্ট নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাতের আয়োজনও।

বিকালে জাতিংসংঘের বাংলাদেশ মিশনে শোক দিবসের আলোচনায় সভায় বক্তারা ‘শোককে শক্তিতে পরিণত করে’ দেশের চলমান অগ্রযাত্রা অব্যাহত রাখতে আরও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

একই সময়ে নিউ ইয়র্কের ডাইভার্সিটি প্লাজায় শোক দিবসের অন্য এক আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ‘স্যালুট’ জানান প্রবাসে থাকা মুক্তিযোদ্ধারা।

এরপর মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ, একাত্তরের প্রজন্ম, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ, কমিটি ফর সেক্যুলার এন্ড ডেমক্র্যাটিক বাংলাদেশ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদসহ বেশ কিছু সংগঠনের নেতা-কর্মীরা প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে বঙ্গবন্ধুর জীবন ও মুক্তিযুদ্ধ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নিউ জার্সির কাউন্সিলম্যান ড. নূরন্নবী, নিউ ইয়র্ক সিটি আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডার, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ড. এম এ বাতেন, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান সাজ্জাদ, শহীদ পরিবারের সন্তান ফাহিম রেজা নূর।

বক্তারা বঙ্গবন্ধুর ঘাতক হিসেবে মৃত্যুদন্ডপ্রাপ্তদের অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে নেয়ার জন্যে কূটনৈতিক তৎপরতা জোরদারের আহবান জানান।

শোক দিবস উপলক্ষে জ্যাকসন হাইটসের খাবার বাড়ি রেস্টুরেন্টে দিনভর খাবার বিতরণ করে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’।