বঙ্গবন্ধুকে যেমন চিনেছিল জাপান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সিংহহৃদয়ের পরিচয় পেয়েছিল জাপানিরাও; তাকে হত্যার ঘটনা শোকগ্রস্ত করেছিল জাপানি বন্ধুদের।
জাপানি লেখক, অধ্যাপক ও দেশটির রেডক্রেসের সাবেক পরিচালক ফুকিউরা তাদামাসার স্মৃতিতে এখনও চির অমলিন বঙ্গবন্ধু। তার চোখে বঙ্গবন্ধু ছিলেন একজন ‘সিংহ পুরুষ’।
মুক্তিযুদ্ধের সময় জাপান রেডক্রসের প্রধান প্রতিনিধি হিসেবে বাংলাদেশে কাজ করে গেছেন তাদামাসা। মুক্তিযুদ্ধে পাকিস্তানিবাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের নারকীয়তা পরে তুলে এনেছেন ‘চি তো দোরো তো বানগুরাদেশু দোকুরিৎসু নো হিগেকি (রক্ত, কাদা এবং বাংলাদেশের স্বাধীনতার ট্র্যাজেডি) নামের বইয়ে।
যুদ্ধের পরের বছর আবারও তৎকালীন শ্রমমন্ত্রী তাকাশি হায়াকাওয়ার সহযোগী হিসেবে বঙ্গবন্ধুকে জাপান সফরের আমন্ত্রণ জানাতে বাংলাদেশে গিয়েছিলেন তিনি।
তার সঙ্গে ছিলেন সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ধারাভাষ্যকার তানাকা মাসাকি ও নেতাজি সুভাষচন্দ্র বসুর সহযোদ্ধা রাজকীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ফুজিওয়ারা ইওয়াইচি।
ওই আমন্ত্রণের পর ১৯৭৩ সালে জাপান সফর করেন বঙ্গবন্ধু।
১৯৭৩ সালে বঙ্গবন্ধুর জাপান সফরে আয়োজিত সংবর্ধনা সভায় বক্তব্য দিচ্ছেন তখনকার জাপানি প্রধানমন্ত্রী কাকুয়েই তানাকা
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর শ্রমমন্ত্রী তাকাশি হায়াকায়ার সংসদে দেওয়া বক্তব্যের বাংলা তরজমা প্রকাশিত হয় মানচিত্র সাময়িকীর ১৯৯৬ সালের অগাস্ট সংখ্যায়।
তাকাশির সেই বাংলা বক্তব্যটি পরে প্রকাশিত হয় জাপানে বাংলা সাহিত্যসাময়িকী ‘মানচিত্রে’।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে তাকাশি ১৯৭৫ সালের ২৬ অগাস্ট সংসদে বলেন, “রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান (বাঙালিরা যাকে বঙ্গবন্ধু নামে সম্বোধন করে), তিনি স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ও আমার প্রিয় বন্ধু, যার জন্য আমি সব সময় আন্তরিক শ্রদ্ধা পোষণ করি।”
বঙ্গবন্ধুর হত্যাকে জাপানের জন্য ‘চরম আঘাত’ ও ‘অবর্ণনীয় শোকের ঘটনা’ হিসেবে বর্ণনা করেন তিনি।
তাকাশি তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার স্থপতির হত্যাকাণ্ডকে সেনাবাহিনীর হাতে জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইনুকার নিহত হওয়ার তুলনা করেন।
বঙ্গবন্ধুকে তিনি জাপানের মেইজি যুগের অনত্যম রাষ্ট্রনায়ক হিরোফুমি আইতোর সঙ্গে তুলনা করেন।
মুক্তিযুদ্ধে বন্ধুর ভূমিকায় থাকা তাকাশি হায়াকায়াকে বাংলাদেশ সরকার ২০১২ সালের ২৭ মার্চ সম্মননা (মরণোত্তর) দেয়।
১৯৭৩ সালে বঙ্গবন্ধুর জাপান সফরের সময় যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে ‘জাপানের-পরম’ বন্ধু হিসেবে অভিহিত করা হয়। শেখ রাসেল ও শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ওই সফরেই ‘যমুনা সেতু’ নির্মাণের চুক্তি হয়েছিল।
সে সময় স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী কোকেই তানাকা নয় হাজার মিলিয়ন ইয়েন বরাদ্দ দেন। বঙ্গবন্ধুর ওই সফরের পর অনেক জাপানিই বাংলাদেশকে চিনতে শুরু করে।
১৯৭২ সালে বঙ্গবন্ধুকে জাপান সফরের আমন্ত্রণ জানাতে ঢাকা এসেছিলেন জাপানের সাংবাদিক, রাজনৈতিক ধারাভাষ্যকার তানাকা মাসাকি।
জাপান সফরে প্রধানমন্ত্রী তানাকার দেওয়া নৈশ্যভোজে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার খবরে দুঃখ পেয়েছিলেন জানিয়ে নাওকি তামায়া বলেন, “বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ জাপানের কাছাকাছি চলে আসতো। তার বিচক্ষণতা বিশ্ব নেতাদের চেয়ে কম ছিল না।
জাপানিরা বঙ্গবন্ধুকে তাদের মনে ঠাঁই দিলেও তার নাম নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের উদাসীনতার সমালোচনা করেন তিন দশক ধরে জাপানে বসবাস করা লেখক ও গবেষক প্রবীর বিকাশ সরকার।
তিনি বলেন, “আজও প্রবীণ জাপানি নাগরিক এবং বঙ্গবন্ধুর ভক্ত যারা জীবিত আছেন, তারা সবাই গভীর শ্রদ্ধার সাথে বঙ্গবন্ধুকে স্মরণ করেন। তবে প্রবাসীরা বঙ্গবন্ধুকে আধুনিক জাপানিদের কাছে তুলে ধরতে ব্যর্থ হয়েছে।”
তার সঙ্গে একমত পোষণ করে আরেক প্রবাসী আবু মোহাম্মদ সায়েম বলেন, দূতাবাস থেকে নির্ধারিত কর্মসূচি ছাড়া বছরের অন্য সময় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয় আলোচনাও হয় না।
“প্রবাসে অনেক বাঙালি জাপানের স্থায়ী বাসিন্দা হয়ে গেছে। তাদের সন্তানরা অনেকেই বঙ্গবন্ধুর নাম বলতে পারে না। দূতাবাসের উচিত, তাদের জন্য বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক বই পড়ার সুযোগ করে দেওয়া, যাতে তারা প্রকৃত ইতিহাস জানতে পারে।”
(প্রতিবেদেন তৈরিতে তথ্য ও ছবি দিয়ে সহায়তা করেছেন প্রবীর বিকাশ সরকার)
