২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে নিহত দুই বাংলাদেশির জানাজা সোমবার

নিউ ইয়র্কের কুইন্সে দুর্বৃত্তের গুলিতে নিহত বাংলাদেশি ইমাম আলাউদ্দিন আকুঞ্জি ও তার প্রতিবেশি থেরাউদ্দিনের জানাজা হবে সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2016, 11:33 AM

Updated : 11 Oct 2022, 08:37 PM

পুরনো খবর:

নিউ ইয়র্কে ইমামসহ দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

আল ফোরকান মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম জানান, ময়নাতদন্তের পর সোমবার সকালে নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

“এরপর বেলা আড়াইটায় ওজন পার্কের মসজিদ আল আমানের কাছে ৫৮১ গ্র্যান্ট এভিনিউর মিউনিসিপ্যাল পার্কে জানাজা হবে। জানাজায় সিটি মেয়র, নিউ ইয়র্ক অঙ্গরাজ্য ও ফেডারেল প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।”

উত্তর আমেরিকায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান জানিয়েছেন, ইমামের লাশ হবিগঞ্জের চুনারুঘাটে গ্রামের বাড়িতে পাঠানো হবে। আর থেরাউদ্দিনকে দাফন করা হবে নিউ ইয়র্কের মুসলিম গোরস্থানে।

মসজিদ থেকে ফেরার পথে গত শনিবার দুপুরে ওই মসজিদের কাছেই আলাউদ্দিন আকুঞ্জি (৫৫) ও থেরাউদ্দিনকে (৬৪) গুলি করা হয়।

পুলিশ আলাউদ্দিনকে জ্যামাইকা হাসপাতালে এবং থেরাউদ্দিনকে এলমহার্স্ট হাসপাতালে নিয়ে যায়। আলাউদ্দিন হাসপাতালে নেওয়ার পরপরই এবং থেরাউদ্দিন চার ঘণ্টা পর মারা যান।

হবিগঞ্জের চুনারুঘাটের আলাউদ্দিন আকুঞ্জি পাঁচ বছর আগে ইমিগ্র্যান্ট হয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। তিন সন্তানের মধ্যে বড় ছেলের বিয়ে উপলক্ষে আগামী সপ্তাহে তার দেশে যাওয়ার কথা ছিল।

থেরাউদ্দিনের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নে। তবে সেখানে পরিবারের আর কেউ থাকেন না।

তার এক আত্মীয় একটি টেলিভিশন চ‌্যানেলকে জানিয়েছেন, সাড়ে চার বছর আগে নিউ ইয়র্কে যান থেরাউদ্দিন। তার ছেলেমেয়ে, ভাইবোনসহ পরিবারের সবাই সেখানেই থাকেন।

ঘটনার পরপরই নিউ ইয়র্কের পুলিশ ঘাতকের স্কেচ প্রকাশ করেছে। তাকে ধরতে অভিযান চলছে বলে মেয়র বিল ডি ব্লুসিয়ো জানিয়েছেন।

হত্যাকাণ্ডের পর দুইদিন পেরিয়ে গেলেও খুনি গ্রেপ্তার না হওয়ায় প্রবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে বলে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান জানিয়েছেন।

তিনি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার জানাজার পর সেখানে শোক সমাবেশ হবে। এছাড়া বুধবার সন্ধ্যায় আরেকটি সমাবেশের উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউ ইয়র্কের মত শহরে ধর্মীয় নেতাকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে মুসলিম-আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত ‘কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স’।

সংগঠনের কমিউনিকেশন্স ডিরেক্টর ইব্রাহিম হুপার বলেন, “কেন এ হামলা ঘটেছে তা স্পষ্ট না হলেও এটি যে গুপ্তহত্যা তাতে কোনো সন্দেহ নেই।

ঘটনার পরদিন আল ফোরকান মসজিদে গিয়ে মুসলিম কমিউনিটির পাশে থাকার কথা জানান নিউ ইয়র্ক সিটি কম্পট্রোলার স্কট স্ট্রিঙ্গার ও কুইন্স বরোর প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজ।

এদিকে নিহত এ দুই বাংলাদেশির পরিবারকে অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে নিউ ইয়র্কের ইসলামিক লিডারশিপ কাউন্সিল।

কাউন্সিলের নির্বাহী পরিচালক শেখ আহমেদ মোবারক এক বিবৃতিতে এই সহায়তা দেওয়ার কথা জানান।