কাতার সাংবাদিক ফোরামের কর্মশালা
কাতারের আল সাদ শহরে গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা করেছে 'বাংলাদেশ সাংবাদিক ফোরাম কাতার'।
শুক্রবার রাতে স্থানীয় একটি মিলনায়তনে এই কর্মশালা হয়।
কর্মশালার প্রথম পর্বে বক্তৃতাকালে সংগঠনটির প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন বলেন, “সাংবাদিকতা পেশায় যারা কাজ করেন তাদের নৈতিকতা ও দূরদর্শিতা সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে স্লাইড শো উপস্থাপনকালে মামুন আরও বলেন, “সাময়িক মোহ ও খ্যাতির পেছনে না পড়ে সব লোভ ও ভয়ের ঊর্ধ্বে উঠে সাংবাদিকদের কাজ করা উচিত।”
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আবু হানিফ রানার সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তৃতা করেন সাধারণ সম্পাদক গোলাম মাওলা হাজারি।
তিনি বলেন, “নিজেদের পেশাগত কাজে যোগ্যতা ও দক্ষতা অর্জনে এ ধরনের কর্মশালা আমাদের জন্য পাঠশালার ভূমিকা রাখবে।”
সমাপনী বক্তৃতায় সভাপতি এ কে এম আমিনুল হক সবাইকে ধন্যবাদ জানান। কর্মশালায় অন্যদের মধ্যে ইউসুফ পাটোয়ারী, আকবর হোসেন, শাহাবউদ্দীন শামীম, এম এ সালাম, আমিনুল ইসলাম, মফিজুর রহমান, জাকারিয়া ও তামীম রায়হান উপস্থিত ছিলেন।
